১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে জাতিসংঘের সামনে মানববন্ধন

কর্মসূচি থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেন তারা।

একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে জাতিসংঘের সামনে মানববন্ধন

স্মারকলিপি নিচ্ছেন জাতিসংঘ মহাসচিবের রাজনীতি বিষয়ক কর্মকর্তা আদিত্য অধিকারী (বাম থেকে তৃতীয়)

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 02:24 PM

Updated : 16 Dec 2023, 10:17 AM

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে জাতিসংঘের সামনে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

আন্তর্জাতিক গণহত্যা ও প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ কর্মসূচি থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেন তারা।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ কর্মসূচিতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিনিধি হিসেবে তার রাজনীতি সম্পর্কিত কর্মকর্তা আদিত্য অধিকারী মানববন্ধনে এসে স্মারকলিপি নেন। স্মারকলিপিতে ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবিবের স্বাক্ষর রয়েছে।

গণহত্যার স্বীকৃতি দাবি সম্পর্কে মহাসচিবের মুখপাত্র স্টিফ্যানি ডোজারিক বলেন, “কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া মহাসচিবের কাজ নয়। এটি উপযুক্ত বিচার বিভাগীয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে।”

এ সম্পর্কে আদিত্য অধিকারী জানান, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে স্মারকলিপিটি পাঠানো হবে।

মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, জাকির হোসেন বাচ্চু, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস এবং জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা প্রদিপ কর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা আমির আলী ও মুক্তিযোদ্ধা মীসবাহউদ্দিন।