১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুইন্সে ষষ্ঠবারের মতো ডিস্ট্রিক্ট লিডার হলেন মইন চৌধুরী

আবারও সাফল্য পেলেন বাংলাদেশি-আমেরিকান এ অ্যাটর্নি।

কুইন্সে ষষ্ঠবারের মতো ডিস্ট্রিক্ট লিডার হলেন মইন চৌধুরী
ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মইন চৌধুরী।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 02:31 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আবারও সাফল্য পেলেন বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি মইন চৌধুরী। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। 

গত ১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের সন্তান মইন চৌধুরী। 

কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এই সাংগঠনিক দায়িত্ব পান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন।

‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ হিসেবে মইন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমের অন্যতম নীতিনির্ধারক হিসেবে কাজ করবেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে- স্থানীয় জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় করা, কমিউনিটির দাবি-দাওয়া নির্বাচিত জনপ্রতিনিধিদের (সেনেটর ও কংগ্রেস সদস্য) কাছে তুলে ধরা এবং জনকল্যাণমূলক আইন প্রণয়নে ভূমিকা রাখা।

এছাড়া, ডেমোক্রেটিক পার্টির নীতিমালা অনুযায়ী বিচার বিভাগসহ বিভিন্ন পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের প্রস্তাব ও সমর্থন প্রদানের ক্ষেত্রে তার ভূমিকা থাকবে। এর আগে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বাংলাদেশি-আমেরিকান সোমা সাঈদকে বিচারপতি হিসেবে মনোনয়নের ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেছিলেন।

কুইন্স কাউন্টির প্রতিটি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থেকে ৪ জন করে মোট ৭২ জন ডিস্ট্রিক্ট লিডার তাদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৬ জন ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ নির্বাচন করেন। রাজনৈতিক মহলে এই পদাধিকারীদের ‘লিডার্স অব দ্য লিডার’ হিসেবে অভিহিত করা হয়।

মইন চৌধুরীর এই পুনর্নির্বাচনে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতা ও সামাজিক সংগঠনগুলো তাকে অভিনন্দন জানিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশি-আমেরিকানদের রাজনৈতিক অধিকার আদায়ে আরও পদক্ষেপ নেবেন বলে শুভানুধ্যায়ীরা আশা করছেন।