খাবারে স্বাস্থ্য ঝুঁকি, আবু ধাবিতে বন্ধ বাঙালি খাবারের রেস্তোরাঁ
সুরক্ষার সব মানদণ্ড বা শর্ত পূরণ করলেই রেস্তোরাঁটি পুনরায় চালু হতে পারে।
জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে বাঙালি খাবারের একটি রেস্তোরাঁ বন্ধ করেছে সেখানকার কৃষি ও খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
আবুধাবির হামদান বিন মোহাম্মাদ স্ট্রিটের ওই রেস্তোরাঁর নাম ‘রূপসী বাংলা রেস্টুরেন্ট এলএলসি’।
দুবাইভিত্তিক খালিজ টাইমস লিখেছে, খাবারে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা ও খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এর আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু সমস্যা সমাধান না করায় এবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
নিয়ম লঙ্ঘনের ঘটনাগুলো সমাধান, রেস্তোরাঁ পরিচালনা নীতি মেনে চলা ও জনস্বাস্থ্যের ঝুঁকি দূর না করা পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সুরক্ষার সব মানদণ্ড বা শর্ত পূরণ করলেই রেস্তোরাঁটি পুনরায় চালু হতে পারে।
এর আগে গত সপ্তাহে ‘মানা রুচুলু রেস্টুরেন্ট’ ও ‘ওয়াফি হাইপারমার্কেট’ নামে খাবারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করেছে আমিরাত কর্তৃপক্ষ।
মানা রুচুলু অবস্থিত আবু ধাবি শিল্পাঞ্চল সিটিতে। আর ওয়াফি হাইপারমার্কেট অবস্থিত মুসাফাহ শিল্পাঞ্চল সিটিতে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মারাত্মকভাবে খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠার পর তা বন্ধের নির্দেশ দেয় আবু ধাবি সরকার।
আবু ধাবিতে খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন হলে তা টোল ফ্রি ৮০০৫৫৫ নম্বরে অভিযোগ দিতে পারেন সেখানকার বাসিন্দারা।
