১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাঁচ নারীকে ‘যৌন নিপীড়ন’, মালয়েশিয়ায় বাংলাদেশির ৬ মাসের কারাদণ্ড

কুয়ালালামপুরের মালুরি এমআরটি স্টেশন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পাঁচ নারীকে ‘যৌন নিপীড়ন’, মালয়েশিয়ায় বাংলাদেশির ৬ মাসের কারাদণ্ড
পাঁচ নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিক রমজান আলী। ছবি: নিউ স্ট্রেইটস টাইমস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 12:14 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

মালয়েশিয়ায় মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় ৫ নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 

একইসঙ্গে তাকে ১৫ হাজার ১০০ রিঙ্গিত জরিমানাও করা হয়েছে।

বুধবার মালয়েশিয়ার সংবাদ সংস্থা বেরনামার খবরে বলা হয়, ৪১ বছর বয়সি রমজান আলী পেশায় নির্মাণ শ্রমিক। বুধবার তাকে পুলিশ কুয়ালালামপুরের নিম্ন আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগগুলো পড়ে শোনান। 

রমজান দোষ স্বীকার করে নিলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থিক জরিমানা করে।   

রমজান ১১ এপ্রিল দুপুরে কুয়ালালামপুরের এলআরটি চান সো লিন স্টেশনের কাছের পথচারী পারাপারের স্থানে ২১ বছর বয়সি এক জার্মান নারীকে যৌন নিপীড়নের কথা স্বীকার করেন। এর দায়ে তাকে তিন সপ্তাহের জেল ও ৩ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়।

এরপর ১৫ এপ্রিল শহরের তামান মিদাহ স্টেশন থেকে মুজিয়াম নেগারাগামী একটি ট্রেনে ২৮ বছর বয়সি আরেক নারীকে যৌন নিপীড়ন করেন রমজান। এর দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২৫ এপ্রিল বিকালে আবার মালুরি এমআরটি স্টেশনে ২৪ বছর বয়সী আরেক নারীকে যৌন নিপীড়নের কথাও স্বীকার করেন রমজান। এর দায়ে তাকে ৩ হাজার ৬০০ রিঙ্গিত জরিমানা করা হয়।

পুলিশ বলছে, এই তিনজন ছাড়াও রমজান আরো দু’জন নারীকে যৌন নিপীড়ন করেন। বুধবার কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস বলেন, ২৭ এপ্রিল দুপুরে শহরের মালুরি এমআরটি স্টেশন এলাকা থেকে রমজানকে আটক করা হয়।