Published : 14 Sep 2025, 02:21 PM
চীনের ছেংদু শহরে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ও সাউথইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্সে’ অংশ নিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।
৯ থেকে ১২ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশের উদ্যোগে এবং চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের (সিসিপিআইটি) আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্ক চেম্বার অফ কমার্স, আসিয়ান-চীন সেন্টার, চীন-দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল, চীন-আসিয়ান বিজনেস কাউন্সিল ও চীন-পাকিস্তান বিজনেস কাউন্সিলও আয়োজনে সহযোগিতা করে।
এবছর সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে চলি: শিল্প ও সরবরাহ শৃঙ্খলে সমন্বয়ের নতুন ধারা গড়ে তুলি’।
বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। দলে ছিলেন বিসিসিসিআই প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্সিগ মুর্শিদা, কুনমিং কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. খালেদ এবং চেম্বারের সদস্য আসিফ হক রুপু, মোনা হক ও এস.এম. কফিল উদ্দিন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নার্সিগ মুর্শিদা বলেন, “এই সম্মেলন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর একটি অনন্য প্ল্যাটফর্ম। বাংলাদেশের গতিশীল অর্থনীতি চীনের বিশাল বাজার ও প্রযুক্তির সাথে যুক্ত হয়ে আঞ্চলিক অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে পারে।”
কনসাল জেনারেল মো. খালেদ জানান, “বাংলাদেশ ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কুনমিং কনস্যুলেট জেনারেল প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের সম্মেলন পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।”
অংশগ্রহণ শেষে আসিফ হক রুপু বলেন, “এই সম্মেলনে সরাসরি আলোচনা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনা ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কথোপকথন ভবিষ্যতে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।”
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি বিভাগ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) এবং প্রকল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।