১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলা বইমেলায় শাড়ির বন্দনা

“সংস্কৃতি ও নারীর সংগ্রাম-স্বপ্নের এক জীবন্ত বাহন শাড়ি।”

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 01:58 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’। 

‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’ (বিলস) আয়োজিত এ মেলায় বিশ্বের নানা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। অংশ নেন আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, গায়ানা ও ডোমিনিকান রিপাবলিকসহ ৮ দেশের লেখক ও সংস্কৃতিকর্মীরা। 

শনি ও রোববার অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বসাহিত্যে বাংলা ভাষা ও সংস্কৃতির অবদান এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে শাড়ির বৈশ্বিক গুরুত্ব আলোচিত হয়। 

সবুজ প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে স্বাগত বক্তব্য দেন মেলার আহ্বায়ক গিয়ানা মেলা ও মোস্তফা সারওয়ার। 

কবি মুহম্মদ নূরুল হুদা শাড়ির বুদ্ধিবৃত্তিক সম্পদ ও এর বৈশ্বিক সম্ভাবনার ওপর আলোকপাত করেন। অন্যদিকে ভারতের কবি সুবোধ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাচ্য ও প্রতীচ্যের ‘সাহিত্যিক সেতুবন্ধনের স্থপতি’ হিসেবে অভিহিত করে শাড়ির ঐতিহাসিক তাত্পর্য তুলে ধরেন। 

তিনি বলেন, “শাড়ি কেবল পরিধেয় বস্ত্র নয়; এটি হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও নারীর সংগ্রাম-স্বপ্নের এক জীবন্ত বাহন।” 

আয়োজনের অংশ হিসেবে নিউ ইয়র্কে প্রস্তাবিত ‘শাড়ি জাদুঘর’-এর জন্য অশ্বিনী প্রসাদ পুরনো শাড়ি সংগ্রাহকদের আহ্বান জানান এবং আয়ারল্যান্ডের ব্যারিস্টার ক্যারেন মরিস ও অস্ট্রেলিয়ার শিক্ষক ক্রিস্টিন ম্যাকক্লিন শাড়ি সম্পর্কিত তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন।

‘যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: বাংলা সাহিত্যের পূর্ব-পশ্চিম’ শিরোনামে সেমিনারে কবি মুহম্মদ নূরুল হুদা লেখকদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মোস্তফা সারওয়ার প্রবাসে নতুন প্রজন্মের জীবনের বাহন হিসেবে ভাষাকে টিকিয়ে রাখার ওপর জোর দেন এবং মোহাম্মদ মাসুম সাহিত্যচর্চার তাগিদ দেন। 

মেলার চূড়ান্ত পর্বে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। ‘ডা. অবনীভূষণ চৌধুরী আবৃত্তি পুরস্কার’ পান অশ্বিনী প্রসাদ। এবছর প্রথমবারের মতো চালু হওয়া ‘বিলস রাইটার্স-ইন-রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ পান কবি সুবোধ সরকার এবং কবি মুহম্মদ নূরুল হুদা। এছাড়া ‘বিলস অ্যাওয়ার্ড-২০২৬’ পান মোস্তফা সারওয়ার।

আগামী বছরের ২৪ ও ২৫ জুলাই ‘মেঘনা থেকে মিসিসিপি’ প্রতিপাদ্যে পরবর্তী আসরের ঘোষণা দেওয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে চার্লস ইউনিভার্সিটির গবেষক ব্লাংকা নটকোভা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।