Published : 26 May 2026, 11:13 PM
উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে ‘উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ’।
রোববার প্যারিসের উপকণ্ঠ অবেরভিলিয়ে শহরে দিনব্যাপী আয়োজিত এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব করেন তারা।
উৎসবে ছিল মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা, পথনাটক এবং শিল্পীদের সংগীতানুষ্ঠান।

শুরুতে লোকসংগীত, স্লোগান ও শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণ্ময় মণ্ডল ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অতিথি ছিলেন অবেরভিলিয়ে শহরের প্রথম সহকারী মেয়র নাবিলা ডিজাব্বারি, দ্বিতীয় সহকারী মেয়র গুল্লুমেব লেসকাট, তৃতীয় সহকারী মেয়র উইলফিল্ড, মিজিক দো মন্ড-এর পরিচালক কামেল দাফ্রি এবং ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক কার্লোস সামেন্দু।
অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে তারা ক্যানভাসে বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সাংস্কৃতিক পর্বের শুরুতে জাদু পরিবেশন করেন জাদুশিল্পী জাহাঙ্গীর হোসাইন। তারপর উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীদের গান ও নাচ পরিবেশিত হয়। এ অংশটি সঞ্চালনা করেন উদীচীর কোষাধ্যক্ষ রোমানা আফরোজ ও সংগীত বিভাগের সম্পাদক সুস্মিতা বড়ুয়া।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শ্রুতিনাটক। এতে অংশ নেন সাইফুল ইসলাম, শম্পা বড়ুয়া, শর্মিষ্ঠা বড়ুয়া, মেরী হাওলাদার, আবু বকর আলামিন ও মিতু পাল। নাটকটি পরিচালনা করেন উদীচীর সহ-সভাপতি রোজী মজুমদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচী ফ্রান্স সংসদের পরিবেশনায় ছিল গান ও নাচের আয়োজন। সংগীত পরিচালনায় ছিলেন রোজী মজুমদার, নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জি এম শরিফুল ইসলাম। এ পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন আবু বকর আল আমিন ও সাইফুল ইসলাম।
উৎসবের সমাপনী লগ্নে মঞ্চ মাতান ‘জলের গান’ ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দ।