Published : 12 Oct 2023, 06:16 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মসজিদ থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
তার নাম মমতাজউদ্দিন ভূঁইয়া (৭৫), বাড়ি কুমিল্লার চান্দিনায়।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে খামার বাড়ির নিচতলায় অবস্থিত মসজিদের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরেক প্রবাসী ওয়াসিমউদ্দিন ভূঁইয়া এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন মমতাজ। তারপর বাথরুমে ঢুকেছিলেন। কয়েক ঘণ্টা পর পুলিশ ডেকে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মমতাজ ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন জ্যাকসন হাইটসে নূর মোহাম্মদ বিশ্বাসের বাড়ির নিচতলায়। দেশে তার ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন। বছরখানেক আগে মমতাজ দেশে গিয়েছিলেন।
এক ধরনের মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। রাত কাটাতেন অলি-গলিতে। দিনভর ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে পরিচিত ৭৩ স্ট্রিটের ওপর অবস্থান করতে দেখা যেতো তাকে।
ওয়াসিমউদ্দিন ভূঁইয়া জানান, মমতাজের কীভাবে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দেশে তার স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা হয়েছে। সে অনুযায়ী লাশ দাফনের চেষ্টা চলছে বাংলাদেশ সোসাইটির গোরস্থানে।