এবার ইতালি প্রবাসীরা দেখতে পাবেন ‘প্রিয়তমা’
এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর এবার ইতালি প্রবাসীরা দেখতে পাবেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’।
আসছে পহেলা সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল আটটায় দেশটির রাজধানী রোমের সেন্তোচেল্লে এলাকার ব্রডওয়ে প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে বলে জানান উদ্যোক্তা আমির হোসেন লিটন।
তিনি বলেন, “বিদেশে বসে যেন প্রবাসীরা বাংলাদেশের সিনেমা দেখতে পারে সেজন্য আমাদের এই আয়োজন। সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশে ভারতীয়দের উদ্যোগে বলিউডের বেশকিছু সিনেমা প্রদর্শিত হয়েছে। সেখানে ভারতীয় দর্শকদের পাশাপাশি পাকিস্তানি ও বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর আগে আমাদের উদ্যোগে ইতালিতে প্রদর্শিত হওয়া বেশকিছু বাংলা চলচ্চিত্র সাড়া ফেলেছিলো।”
এ বিষয়ে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রনি হোসাইন বলেন, “অতীতে বাংলাদেশি সিনেমা থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু বর্তমানে দেশীয় সিনেমার মান ভালো হওয়ায় দর্শক আবারো হলমুখি হতে শুরু করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলা সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। বর্তমানে বাংলাদেশিদের উদ্যোগে এসব দেশে প্রদর্শিত হওয়া বাংলা সিনেমায় হলভর্তি দর্শক হচ্ছে।”
আমির হোসেন লিটন বলেন, “‘প্রিয়তমা’ সিনেমাটি এর আগে ইতালির ত্রেভিজো শহরে প্রদর্শিত হয়েছিলো। ভবিষ্যতে ইতালিসহ ইউরোপের যেসব দেশে বাংলাদেশিদের সংখ্যা বেশি সেখানে ঢালিউডের সিনেমা প্রদর্শনের বিষয়ে কাজ করব।”
