১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসী ২৭ মুক্তিযোদ্ধার রণাঙ্গনের গল্প অবমুক্ত হচ্ছে ১৭ মার্চ

এর উদ্যোক্তা মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2024, 04:24 PM

Updated : 16 Mar 2024, 04:24 PM

মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসারের উদ্যোগে যুক্তরাষ্ট্রে প্রবাসী ২৭ মুক্তিযোদ্ধার রণাঙ্গনের গল্প নিয়ে বানানো ২৭টি ভিডিওচিত্র ইউটিউবে অবমুক্ত হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ওজোনপার্কে রাঁধুনি পার্টি হলে এ আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখা’।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি লাবলু আনসার বলেন, “এসব ভিডিওতে বঙ্গবন্ধুর ডাকে দামাল ছেলেরা কীভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লিপ্ত হয়েছিলেন, কীভাবে হায়েনাদের কবল থেকে বাংলার মানুষ আর মাটিকে মুক্ত করেছেন, কী ছিল সেই উজ্জীবনী শক্তি ইত্যাদি অবলীলায় বিবৃত করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা। তাদের অনেকে মারা গেছেন, অনেকে নানা রোগে আক্রান্ত। তাই ইচ্ছা থাকলেও হাতে লিখতে অথবা টাইপ করতে পারেন না। এসব বিষয় মনে রেখেই বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের দিনগুলোর কথা ভিডিওতে ধারণের উদ্যোগ নেওয়া হয়।” 

তিনি জানান, মুক্তিযোদ্ধাদের গল্প ভিডিওতে ধারণের কার্যক্রম শুরু হয় গত বছর। অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধার মধ্য থেকে ২৭ জনের গল্প প্রথম পর্বে অবমুক্ত হচ্ছে ১৭ মার্চ। প্রতিটি গল্পের পরিধি প্রায় ১ ঘণ্টা। ইউটিউবের লিঙ্ক উদ্বোধনের পরই জানানো হবে। চলতি বছরের ডিসেম্বরে এর দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্বে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন- বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এম এ মালেক, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সিতারা রহমান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, আবিদুর রহমান, এম ফজলুর রহমান, কামরুজ্জামান নান্নু, রেজাউল বারি, মো. আব্দুর রহমান, আবুল বাশার চুন্নু, আবু তাহের, আবু তাহের ভূইয়া, মো. নাজিমউদ্দিন, মো. শামসুল আলম চৌধুরী, নান্নু আহমেদ, লাবলু আনসার, গুলজার হোসেন, মো. লুৎফর রহমান, মাসুদুল হক, মো. আলী হোসেন, নুরল ইসলাম, আব্দুস সালাম, মো. আমির আলী, নাজমুল হক, মো. মোজাম্মেল হক, লায়লা হাসান, মো. আমির হোসাইন, মো. আনোয়ার হোসেন ও প্রাণ গোবিন্দ কুণ্ডু।

২৭ মুক্তিযোদ্ধার ‘একাত্তরের গল্প’ ভিডিও বাস্তবায়নে সহায়তা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মো. কাদের মিয়া, মো. ফজলুল হক ও সায়েরা হক দম্পতি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির প্রধান কার্যনির্বাহী আলিম খান আকাশ, হাসানুজ্জামান, আরিফুল ইসলাম, মো. নাঈম হাসান, জলি আহমেদ ও আলমগীর কবির।

এ উদ্যোগ বর্তমান ও আগামী প্রজন্মকে অনুপ্রেরণা, মুক্তিকামী মানুষের লড়াইয়ে উৎসাহ এবং গবেষকদের সহায়তা করবে বলে বিশ্বাস আয়োজকদের।