Published : 12 May 2026, 12:32 PM
মালদ্বীপের মামিগিলি দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।
সোমবার রাজধানী মালে থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত মামিগিলি দ্বীপের সোশ্যাল সেন্টারে এ আয়োজন করা হয়।
হাই কমিশনের পরিচালিত ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার অংশ হিসেবে এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি অংশ নেন। হাই কমিশনার প্রবাসীদের মালদ্বীপে কাজ ও জীবনযাত্রার নানা অভিজ্ঞতার কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে দিকনির্দেশনা দেন।
নাজমুল ইসলাম প্রবাসীদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানো, ই-পাসপোর্ট নেওয়া এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার গুরুত্ব তুলে ধরেন। মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এছাড়া মাদক সেবন, অবৈধ ব্যবসা এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন।
প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা নিয়ে তিনি বলেন, “কর্মক্ষেত্রে কোনো ধরনের বিরোধ বা সমস্যা দেখা দিলে তা নিজেরা আইন হাতে না তুলে নিয়ে লেবার রিলেশন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করতে হবে।”
সভায় প্রবাসীরা তাদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে জানান, মামিগিলি থেকে রাজধানী মালে যাতায়াত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এছাড়া রাজধানীতে থাকা-খাওয়ার উচ্চমূল্যের কারণে স্বল্প আয়ের কর্মীদের পক্ষে সেখানে গিয়ে পাসপোর্ট বা অন্যান্য কনস্যুলার সেবা নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।
এ সমস্যা কাটাতে প্রবাসীরা হাই কমিশনকে নিয়মিত বিরতিতে মামিগিলিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাই কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডের সুবিধা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া প্রবাসীদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।