সমালোচকদের মূর্খ বললেন গাফফার চৌধুরী
নিজের বক্তব্যের সমালোচকদের মূর্খ বলেছেন একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।
তিনি বলেছেন, “বাংলাদেশের শত্রু দুটি- মৌলবাদ ও দুর্নীতি। এ দুটো ধ্বংস করা না গেলে আধুনিক, প্রগতিশীল, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। ধর্মান্ধতা বাংলাদেশে প্রগতির পক্ষে সবচেয়ে বড় অন্তরায়।”
রোববার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় জেএফকে এয়ারপোর্ট সংলগ্ন ক্রাউন প্লাজা হোটেলে দেওয়া নাগরিক সংবর্ধনায় একথা বলেন গাফফার চৌধুরী।
প্রবাসীদের সংবর্ধনা নিয়েই যুক্তরাজ্যে ফিরে যান তিনি। এই সফরে এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে সমালোচনামুখর ইসলামী সংগঠনগুলো। তারা তাকে ‘মুরতাদ’ও বলছেন।
ব্রিটিশ ও পাকিস্তানি আমলে মুক্তবুদ্ধির চর্চায় অধ্যাপক আবুল হুসেন, অধ্যাপক কাজী মোতাহার হোসেন, অধ্যাপক কাজী আবদুল ওদুদের উপর ধর্মান্ধদের খগড়হস্ত হওয়ার ঘটনাগুলোও তুলে ধরেন ৮১ বছর বয়সী গাফফার চৌধুরী।
তিনি বলেন, “কবি কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিয়েছিল তৎকালীন মোল্লারা। অথচ এরাই পরে কাজী নজরুলকে মুসলিম রেনেসাঁর কবি তকমা দেওয়ার কোসিশ করেছে। এখন মৌলবাদীরা নজরুলের গান গায় নিজেদের প্রয়োজনে।”
অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান ও অমর একুশের গান পরিবেশন করে উদীচীর শিল্পীরা। এরপর মাইক তুলে দেওয়া হয় গাফফার চৌধুরীর হাতে।
তিনি বলেন, “আমাদের একজন কামাল আতাতুর্ক দরকার। যিনি অনেক কিছুই নিষিদ্ধ করেছিলেন। তুরস্কে যেভাবে সভ্যতার বিবর্তন হয়েছিল, আজ তা জানতে হবে, বুঝতে হবে এই প্রজন্মকে।
“বিশ্বে আজ নতুন নতুন মৌলবাদ তৈরি হচ্ছে। এটা কারা করছে? কাদের স্বার্থে করছে? বিশ্বব্যাপী আজ মুসলমান, মুসলমানকে হত্যা করছে সবচেয়ে বেশি। গোত্রগত সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে শুধু মূর্খতা, বর্বরতার কারণে। মানুষের অজ্ঞতাই আজ এই নতুন নতুন মৌলাবাদের অন্যতম কারণ।”
সংবর্ধনা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। পরে ভেনু পরিবর্তন করেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মুক্তিযোদ্ধা এবং নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান নূরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তির হুমকিতে জুইস সেন্টার কর্তৃপক্ষ ভেন্যু বাতিল করে দেয়। ফলে কয়েক ঘণ্টার নোটিসে আমাদের এই সভার আয়োজন করতে হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবী, জিনাত নবী, ফকির ইলিয়াস, ফাহিম রেজা নূর, মাহবুবুর রহমান, এনাম দুলাল মিয়া, খোরশেদ খন্দকার, জীবন বিশ্বাস, স্বীকৃতি বড়ুয়া।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন।পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
