২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রথম ভ্রমণ ও ক্ষুধার যাতনা

উচ্চ শিক্ষার জন্য বছর দুই আগে দেশ ছেড়ে চীনের কুনমিংয়ে আসার পর প্রায় সব সময়ই দেশের কথা, প্রিয়-মানুষদের কথা মনে পড়ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এম এ হাকিম, চীনের কুনমিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 12:03 AM

Updated : 12 Oct 2022, 04:01 PM

ভাষা একদম বুঝতে পারছি না। চীনের অনেক কিছুই বুঝে উঠতে পারি না। বেশিরভাগ চীনা ছাত্রও ইংরেজি বলতে পারে না। দুই-একজন ইংরেজি জানা শিক্ষার্থীই আমাকে বাইরে যাতায়াত, কেনাকাটার ব্যাপারে মাঝে মধ্যে সাহায্য করত।  

এরইমধ্যে একদিন জানলাম আমাদের গবেষণাকেন্দ্র থেকে ঘুরতে নিয়ে যাওয়া হবে বরফঘেরা পাহাড়ি অঞ্চলে।  গন্তব্য কুনমিং শহর থেকে বহুদূরের জিয়াওজি পার্বত্য এলাকা। বাস চলা শুরু হলে বাইরে তাকিয়ে দেখলাম দূরের দিগন্তে পাহাড় আর আকাশ যেন মিশে গেছে একসঙ্গে।  

কয়েক ঘণ্টা পর বাস থেকে নেমে এক রেস্তোরাঁয় ঢুকে দেখলাম একজন ওয়েটার একটি সস প্যান রেখে তাতে কিছু তেল, মসলা মেশানো পানি ঢেলে দিয়ে তার নিচে হিটার অন করে দিল। এরপর খাবার আসতে লাগলো, তালিকায় আছে অনেক কিছুই। সবাই খাবার গরম সসে ডুবিয়ে খাওয়া শুরু করল। খাবারগুলো আধা সিদ্ধ বা তার চেয়েও কম।

আমি তখনও চীনাদের মতো কাঠি (চপস্টিকস) ব্যবহার করে খাওয়া রপ্ত করতে পারিনি। তাই ক্ষুধা লাগার পরও খেতে পারলাম সামান্যই। আবার বাস চলা শুরু হল আর আমার ক্ষুধা যেন বেড়েই চলেছে।

সন্ধ্যার দিকে পৌঁছলাম গন্তব্যে। হোটেলে ঢুকতে গিয়ে বুঝলাম- জীবনে এত তীব্র শীত কখনও অনুভব করিনি। জানতে পারলাম তাপমাত্রা শূন্যের ২০ ডিগ্রি নিচে!  

রাতের খাবারের জন্য রেস্তোরাঁয় গিয়ে দেখলাম খেতে হবে ওই কাঠি দিয়েই! অনেক চেষ্টা করে মাত্র কয়েক টুকরা মাংস খেতে পারলাম, কিন্তু ভাত খেতে পারলাম না কাঠি দিয়ে। যে পরিমাণ ক্ষুধা ছিল সে তুলনায় কিছুই খেতে পারলাম না।  

বাইরে তীব্র ঠাণ্ড, কী করব কিছুই বুঝতে পারছি না, কাছে কোথাও কোনো দোকানও পেলাম না যেখান থেকে কিছু কিনে খেতে পারি। পকেটে টাকা আছে, কিন্তু সেই অর্থের যেন  কোনো মূল্যই নেই তখন!  

পরদিন সকালে রওনা হলাম বরফে ঢাকা পাহাড় দেখতে আর তীব্র শীতে যেন মাথা ভারী হয়ে আসতে লাগল। মনে হল কতদিন যেন ভাত খাই না!

জিয়াওজি পার্বত্য এলাকায় কেবল কারে চড়ে উঠে গেলাম বরফে ঢাকা পাহাড়ের চূঁড়ায়। নিচে তাকিয়ে দেখি চারপাশের সব কিছু সাদা। বিধাতা যেন সাদা চাদরে মুড়ে দিয়েছে সব কিছু, শীতের বাতাসের সঙ্গে ঝিরঝির তুষার মুখে এসে পড়ছে। কিছুক্ষণের জন্য হলেও পেটের ক্ষুধা ভুলে প্রকৃতির এই অনন্য দৃশ্যই উপভোগ করতে থাকলাম।  

অবশ্য কিছু দূর সামনে গিয়ে যা দেখলাম তা সত্যি বিস্ময়কর, একটা পাহাড়ি ঝর্ণা ঠাণ্ডার তীব্রতায় জমে গেছে। আর শীত যেন আমার শরীরের কাপড় ভেদ করে হাড়ে এসে লাগতে লাগল।   

হঠাৎ দেখলাম রাস্তার একপাশে এক হকার সিদ্ধ আলু বিক্রি করছে, ক্ষুধার কথা মনে পড়ে গেল- যেভাবেই হোক সিদ্ধ আলু খেতেই হবে। কিন্তু ভাষা তো জানি না, কিনব কীভাবে? সোজা একটা আলু হাতে নিয়ে কোনো কথা না বলে একটা নোট বের করে দিলাম। কাজ হল! মনে হল এর থেকে ভাল খাবার জীবনে কোনদিন খাইনি!

দুপুরে খাওয়ার সময় দেখলাম এখানকার খাবার একেবারে ‘খাঁটি’ চীনা, অর্থ হল স্বাদ-গন্ধে সম্পূর্ণ ভিন্ন। আমাদের মতো ‘ভেতো’ বাঙালির জিভে এই খাবার রোচা কঠিনই বটে! কাজেই এক-দুই লোকমার বেশি খেতে পারলাম না। আর বসে বসে দেখলাম বাকি সবাই দিব্যি খেয়ে চলছে!

ফের বাসযাত্রা শুরু আর আমি ভাবছি- কখন এই ভ্রমন শেষ হবে? ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা, আর বাস দাঁড়িয়ে আছে এক আলো ঝলমল পাঁচতারা হোটেলের সামনে। নামতে গিয়ে কাধের ব্যাগ খুব ভারী মনে হচ্ছে, শরীরে এতটুকু শক্তি নাই। দাঁড়িয়ে থাকতে পারছি না।  

তারকা হোটেলের আরামদায়ক বিছানায় নিজেকে ছেড়ে দিলাম, কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছি। সকালে হট স্প্রিংয়ে যাওয়া জন্য সময়মতো ঘুম থেকে উঠতে পারলাম না, তাই সকালের খাবার খেতে পারলাম না! আবারও ক্ষুধার কষ্ট!

পাহাড়ের চূড়ায় একটা সুইমিং পুলের সামনে দেখলাম পুলের পানির রঙ লাল আর তাতে গোলাপের পাপড়ি ভাসছে। পানিতে পা দিতেই উষ্ণতা অনুভব করলাম, ক্ষুধা ভুলে পানিতে সাঁতার কাটলাম। প্রায় দুই ঘণ্টা ধরে সবাই ওই হট স্প্রিংয়ের পুলে সাঁতার কাটলাম।

হট স্প্রিং থেকে বের হয়ে এক রেস্তোরাঁয় খাওয়ার জন্য গেলে বুঝলাম পেটে ব্যথা। মনে হচ্ছিল- দুই দিন কম খেয়ে বোধ হয় আমার পাকস্থলি চুপসে গেছে!

বাসেই ফিরতে হবে, দুই সিট নিয়ে শুয়ে পড়লাম! মাঝে মাঝে মৃদু ঝাঁকুনিতে পেটের ব্যথা মাঝে মাঝে আবার বাড়ছে!

ঘুম ভেঙে দেখলাম চলে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ে। মনে হচ্ছিলো- ঘুম ভেঙে যদি দেখতাম আমি বাংলাদেশে চলে এসেছি তাহলে কতই না ভাল হতো!

নিজের রুমে ঢুকে সবকিছু ভলে গিয়ে ফ্রিজ থেকে ঝটপট ডাল-ভাত বের করে গরম করে খেলাম। আহ কী শান্তি! মনে হচ্ছিল- কতদিন যেন খাইনি, বহুদিন থেকে ক্ষুধার্ত আমি!

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন।পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com