২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসের বঙ্গ সম্মেলনে মেনন, প্রবাসীদের প্রতি বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের বর্তমান উন্নয়ন-অগ্রগতি বিবেচনায় নিয়ে প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 01:48 AM

Updated : 12 Oct 2022, 04:00 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টোনে তিন দিনের বঙ্গ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ আর আগের চেহারায় নেই। পাল্টে গেছে সবকিছু। নিজের চোখে না দেখলে অনুধাবন করা যাবে না।”

আগামী বছর ‘বাংলাদেশ পর্যটন বর্ষ’ উপলক্ষে প্রবাসীদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উন্নয়ন-অগ্রগতির প্রকৃত চিত্র দেখার জন্যে আসুন, বাংলাদেশের মানুষের ভালবাসা পাবেন। তাহলে বিনিয়োগে উৎসাহ দ্বিগুণ হবে।”

Image
রাশেদ খান মেনন (ফাইল ছবি)

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

ওই দিন সন্ধ্যায় হিউস্টন সিটির জর্জ আর ব্রাউন কনভেনশন সেন্টারে ‘ঐতিহ্যকে সঙ্গে রেখে নতুনের হাত ধরো’-মন্ত্রে উজ্জীবিত ৩৫তম বঙ্গ সম্মেলনের (নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স) উদ্বোধন হয় প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।

বাংলাদেশের দুই সংসদ সদস্য মনোরঞ্জন শীল ও আব্দুল লতিফও সম্মেলনে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পর্যটনমন্ত্রী মেনন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তার মাধ্যমেই সেটি বাস্তবায়িত হবে।

“এর আগে ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র  স্বীকৃতি লাভ করেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আন্তরিক সহায়তায়।”

রাশেদ খান মেনন বঙ্গ সম্মেলনের উদ্বোধনী দিনে ‘ব্যবসা ও বিনিয়োগ’ সম্পর্কিত একটি সেমিনারেও বক্তব্য দেন।

Image
প্রদীপ জ্বালিয়ে বঙ্গ সম্মেলনের উদ্বোধন। ছবি: বাংলা ব্রডকাস্টের সৌজন্যে

প্রদীপ জ্বালিয়ে বঙ্গ সম্মেলনের উদ্বোধন। ছবি: বাংলা ব্রডকাস্টের সৌজন্যে

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পার্লামেন্টের সদস্য সুগত বসু তার বক্তব্যে প্রবাসী ভারতীয় তথা বাঙালিদের পশ্চিমবঙ্গে আরও বেশি বিনিয়োগের অনুরোধ জানান।

এই সম্মেলনে পুরস্কৃত করা হবে সেরা বাঙালিদের। ‘সেরার সেরা বাঙালি’ অ্যাওয়ার্ড পাবেন ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

এছাড়া ‘সেরা বাঙালি’ অ্যাওয়ার্ড পাবেন বিচারপতি শ্যামল সেন, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, সাহিত্যিক নবকুমার বসু এবং বাংলাদেশের সেলিনা হোসেন।

বাংলাদেশ থেকে নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জুয়েল আইচ ও শফি মণ্ডলও সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে বড় একটি অংশ জুড়ে স্থাপন করা হয়েছে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’। সেখানে একপাশে ‘রিহ্যাব’ এবং অন্য পাশে ‘নেক্সট’ নামে একটি সংস্থার স্টল রয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com