মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামকে নিয়ে আলোচনা
টরন্টোতে কৃষিবিজ্ঞানী ও একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামের জীবন নিয়ে আলোচনা শেষে কামনা করা হয় তার রোগমুক্তি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিলেন তিনি, স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে কলম হাতে ভিন্নরকম লড়াই করেছেন একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম। একজন সফল কৃষি বিজ্ঞানী হওয়া সত্বেও সেই পরিচয়কে ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁর মুক্তিযোদ্ধার পরিচয়।
একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনা সভায় এভাবেই এই বীর মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করেন টরন্টো প্রবাসীরা।
ধান ক্ষেতে পামরি পোকার আক্রমণ দমনে জীবতাত্বিক প্রতিরোধক ব্যবস্থার ‘টাইকোগ্রামা জাহিরির’ আবিষ্কারক ড. জহিরুল ইসলাম মুক্তিযুদ্ধের অসমান্য দলিল ‘একাত্তরের গেরিলা’ ও ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ বইয়ের লেখক। টরন্টো প্রবাসী এই মুক্তিযোদ্ধো বিজ্ঞানী এখন মরনব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি এগ্রিকালচারিষ্ট ইন কানাডা (আবাকান)৫ জুলাই রোববার সন্ধ্যায় পেনফোর্থের বাংলাদেশ সেন্টারে কৃতি এই মুক্তিযোদ্ধার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করে।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল আউয়ালের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টরন্টোতে একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামের জীবনের উপর আলোচনা সভার শ্রোতাবৃন্দ
আলোচনায় উঠে আসে ড. জহিরুল ইসলাম জীবনের আরও কিছু কথা। মেধাবী এই মানুষটি নিভৃতে কাজ করে গেছেন কিন্তু কখনও সেই কাজের প্রচার চাননি। তিনি একাত্তরে গেরিলা মুক্তিযুদ্ধ শেষে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকায় আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গেরিলা যুদ্ধের অন্যতম রূপকার মেজর হায়দারের নির্দেশে ড. জহিরুলের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ঢাকার ফার্মগেট, তেজতুরিপাড়া এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় কাজ করেন।
সভাশেষে কৃষিবিদদের একটি প্রতিনিধিদল বীর এই মুক্তিযোদ্ধার বাসভবনে গিয়ে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট উপহার দেন।
টরন্টো প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামকে কৃষিবিদদের একটি প্রতিনিধিদলের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান।
বক্তারা ড. জহিরের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
