২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কি হত্যার আসামিকে আশ্রয় ‘দিচ্ছে না’ যুক্তরাষ্ট্র যুবলীগ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যাকাণ্ডের অন্যতম আসামি সাখাওয়াৎ হোসেন চঞ্চলকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার সঙ্গে যুবলীগ সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন প্রবাসে সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:33 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র যুবলীগের সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঘাতক আর অপরাধীদের ঠাঁই যুক্তরাষ্ট্র যুবলীগে হবে না, চিহ্নিত কাউকেই যুবলীগ সমর্থন দেয় না।

মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত চঞ্চল যুক্তরাষ্ট্র যুবলীগের আশ্রয়ে নিউ ইয়র্কে অবস্থান করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলমসহ নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ফরিদ আলম জানান, “বিভিন্ন অপকর্মের দায়ে জেল খাটা নিউ ইয়র্কের আরেক চিহ্নিত ব্যক্তি তারিকুল হায়দার চৌধুরীর আশ্রয়ে রয়েছেন চঞ্চল। তারিকুল হায়দার চৌধুরীর সঙ্গে যুক্তরাষ্ট্র যুবলীগের কোনো সম্পর্ক নেই।

“একজন অপরাধী আরেক অপরাধীর আশ্রয়ে আছে। এতে যুক্তরাষ্ট্র যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চঞ্চল বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে যুক্ত হওয়ার চেষ্টা করছে।

অচিরেই তারিকুল ও চঞ্চলের সব ‘অপকর্মের’ তথ্যপ্রমাণ প্রকাশ করা হবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে কয়েকজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিস্বার্থে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি আহ্বায়ক কমিটি সৃষ্টির চেষ্টা করেছিলেন।

“ওই চক্রের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চেই মিল্কী হত্যার অন্যতম পলাতক আসামি চঞ্চলকে দেখা যাচ্ছে।”

২০১৩ সালের ২৯ জুলাই গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে খুন হন রিয়াজুল হক খান মিল্কি। মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করা হয়।

ওই বিপণি বিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে ‘মূল’ হত্যাকারী হিসেবে যুবলীগ নেতা এইচ এম জাহিদ সিদ্দিক তারেককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তারেক র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

মিল্কি হত্যায় তার ভাই মেজর রাশিদুল হক খানের করা মামলায় গত বছর ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে চঞ্চলের নামও রয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com