হোয়াইট হাউজে ওবামার ইফতার পার্টি
বাংলাদেশসহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে হোয়াইট হাউজে ইফতার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার হোয়াইট হাউজের ‘এক্সিকিউটিভ ম্যানশনের’ সবচেয়ে বড় কক্ষ ‘ইস্ট রুমে’ ইফতারে অন্তত দেড়শ অতিথি ছিলেন।
ইফতারের আগে ওবামা বলেন, “রমজান মাসে মুসলমানরা তাদের ধর্মীয় চেতনার প্রতি আস্থাবোধকে উজ্জীবিত করেন। আমাদের ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমরা যে একই পরিবারের সদস্য ও সব মানুষ যে সমান, সেই চেতনার প্রতি অবিচল আস্থার প্রকাশ ঘটাচ্ছি।”
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চার্ল্সটন শহরের গির্জায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নিহত নয় কৃষ্ণাঙ্গকে স্মরণ করেন তিনি।
“আমরা এখনও চার্ল্সটনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা বলতে চাই, ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠির ভিন্নতার কারণে কেউ যেন হত্যার শিকার না হয়।”
২২ জনু সন্ধ্যায় হোয়াইট হাউজে ইফতার আয়োজনে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইফতারে অংশ নেন ইন্ডিয়ানা, ইলিনয় ও মিনেসোটার তিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন, রিচার্ড ডারবিন ও কিথ এলিসন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ ৪২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা এতে অংশ নেন।
অতিথি রাষ্ট্রদূতদের সঙ্গে কুশল বিনিময় করে প্রত্যেকের দেশের খবরাখবর জানতে চান ওবামা।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হোয়াইট হাউজে ইফতার আয়োজন শুরু করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
