‘চিন্ময় কালচার লাইট’ পুরস্কার পেলেন বন্যা
রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘শ্রী চিন্ময় কালচার লাইট’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে শ্রী চিন্ময় সেন্টার।
গত ১০ জুন বুধবার সন্ধ্যায় নিউ ইর্য়কের জ্যামাইকার ‘পিস মেডিটেশন গার্ডেনে’ অনুষ্ঠানিকভাবে বন্যার হাতে পুরস্কার তুলে দেন শ্রী চিন্ময় সেন্টারের পরিচালক রঞ্জনা ঘোষ।
তিনি বলেন, “সঙ্গীত, লেখনি, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি বা ফাইন আর্টস-এর যে কোনো সৃজনকর্ম, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে সন্দেহ, অবিশ্বাস, ভয়-ভীতি দূর করে শান্তি, সংহতি ও একাত্মতা সৃষ্টিতে অনুপ্রাণিত করে, তার জন্য এই পদক দেওয়া হয়।”
এর আগে দক্ষিণ আফ্রিকার নোবেলবিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ার উল করিম চৌধুরী, রুশ সঙ্গীতজ্ঞ বোরিস গ্রেবেনশিকভ, ইন্দোনেশিয়ার বালিতে ‘আরমা মিউজিয়াম অব আর্টস’ এর প্রতিষ্ঠাতা আগুংগ রায়, পিয়ানিস্ট ফিলিপ গ্লাসসহ বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিকে ‘শ্রী চিন্ময় কালচার লাইট পদক’ দেওয়া হয়েছে।
জাতিসংঘে শান্তির দূত হিসেবে কর্মরত অবস্থায় মারা যাওয়া বাঙালি শ্রী চিন্ময় বহু বছর ধরে মেডিটেশন সেন্টারে বাংলা কবিতা, গান, মেডিটেশন ইত্যাদি শেখাতেন। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ অর্ধ শতাধিক দেশের হাজারো নর-নারীকে তিনি বাংলা শিখিয়েছেন। বাঙালি পোশাকের প্রতিও তাদের আগ্রহ তৈরি করেছেন।
২০০৭ সালে শ্রী চিন্ময়ের মৃত্যুর পরও তার কাজ চলছে। তার সেন্টার আরও বেগবান হয়েছে, যেটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মানবসেবায় নিজেকে উৎসর্গকারি শ্রী চিন্ময়ের নীতি ও আদর্শের উপর।
পদক গ্রহণের পর শিল্পী বন্যা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শ্রী চিন্ময়ের শান্তি ও মৈত্রীর বাণী সারা বিশ্বের মানুষকেই অনুপ্রাণিত করছে। তার বিস্ময়কর বহুমুখী প্রতিভাকে তিনি মানব জাতির মাঝে মৈত্রী ও বন্ধুত্ব সৃষ্টিতে কাজে লাগিয়েছেন। আর তার অনুসারীদের এমন খাঁটি মানবিকগুণ সম্পন্ন মানুষে পরিণত করেছেন যে, এখানে নিজেকে কখনো অতিথি মনে হয় না, নিজেকে এখানকারই একজন বলে মনে হয়।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
