২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ এবং তাদের মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ চেয়ে যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু করেছে ১১টি সংগঠন, যার মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 05:59 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

গত ১২ জুন থেকে নিউইয়র্কের টাইম স্কয়ার এবং মিয়ানমার মিশনের সামনে লাগাতার বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়েছে।

আমেরিকান মুসলামানদের ১১টি সংগঠনের জোটের সঙ্গে বাংলাদেশি আমেরিকান কম্যুনিটি কাউন্সিলের নেতৃত্বে এসব সমাবেশ হয়।

দাবি আদায়ে যুক্তরাষ্ট্রে পুরো রমজান মাস জুড়েই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এসব সংগঠনের নেতারা।

এগুলোর মধ্যে রয়েছে- বার্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, ফ্রি রোহিঙ্গা ক্যাম্পেইন, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা, বার্মা টাস্ক ফোর্স ও বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি কাউন্সিল।

মিয়ানমার মিশনের সামনে ১৫ জুন এক সমাবেশে রোহিঙ্গাদের রক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

তিনি বলেন, “আইএসআইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দৈনিক ৯০ লাখ ডলার করে ব্যয় করা হচ্ছে। অথচ মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস চলছে, যুক্তরাষ্ট্র কিছুই করছে না।”

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে হওয়া আরেক বিক্ষোভ-সমাবেশে মিয়ানমারে গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়।

“এ ক্ষেত্রে বিশ্বমানবতা অবাক বিস্ময়ে জাতিসংঘের নির্লিপ্ততা অবলোকন করছে,” বলেন আন্দোলনকারী গিয়াস আহমেদ। 

টাইমস স্কোয়ারের সমাবেশে উপস্থিত বাংলাদেশি বংশোদ্ভুত মানবাধিকারকর্মী মাজেদা উদ্দিন বলেন, “২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলমানদের কণ্ঠে একটিই আওয়াজ উঠা দরকার। তা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ নয়।”

বার্মা টাস্ক ফোর্সের সেক্রেটারি আদেম ক্যারল এক বিক্ষোভ সমাবেশে বলেন, “নাগরিক অধিকারসহ সব ধরণের ন্যায়সঙ্গত অধিকার থেকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বঞ্চিত করেছে। আর এখন চলছে গণহত্যার মাধ্যমে মুসলমানদের নিধন প্রক্রিয়া।” 

সম্প্রতি মিয়ানমারে দুই দফা সফর করেন যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বারাক ওবামা। সফরে তিনি দেশটির সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও তাগিদ দেন।  

যদিও মিয়ানমার সরকার কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কখনোই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী হয়নি।