২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:42 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

“এজন্য যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে,” বলেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হেলাল মোর্শেদ খান বলেন, “অনেকে মনে করেছিলেন যে, শীর্ষস্থানীয় ১৪/১৫ যুদ্ধাপরাধীর বিচার করেই হয়তো এ প্রক্রিয়া থেমে যাবে।

“কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে, এখন তৃতীয় সারির রাজাকারদেরও বিচার শুরু হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী এ বিচার অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বলেন, “বঙ্গবন্ধুর ডাকে বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আহ্বানে মুক্তিযোদ্ধা-জনতার ইস্পাত দৃঢ় ঐক্য রচিত হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে।

“২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে-এতে কোনো সন্দেহ নেই এবং এভাবেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা তথা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের দুই লাখ মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার মহানুভবতার কারণেই ১৯৯৭ সাল থেকে মুক্তিযোদ্ধারা নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন।

“এখন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও মুক্তিযোদ্ধার সন্তানরা ভর্তি ও স্কলারশিপের সুযোগ পাচ্ছেন। চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা সংরক্ষিত হয়েছে শেখ হাসিনার নির্দেশেই।”

প্রবাসে কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে সরকারি খরচে তার লাশ বাংলাদেশে নেওয়া ও দাফনের ব্যবস্থা চালু করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন হেলাল মোর্শেদ খান।

ব্রুকলিনের গ্রিনহাউজ পার্টি সেন্টারের এই সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বয়ক ড. এম এ বাতেন।  অন্যদের মধ্যে  নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা নূরনবী কমান্ডার, গোলাম মোস্তফা খান মিরাজ,  সাবেক নির্বাচন কমিশনার প্রদীপ রঞ্জন কর,  মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, খোরশেদ আনোয়ার বাবলু, কাজী শফিকুল হক, এ বি সিদ্দিক, সুরুজ্জামান, কামরুল হাসান চৌধুরী, নিখিল কুমার রায় প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com