২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবার পার্টির নেতৃত্বে আসতে চান রুশনারা

দুই দফায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হওয়ার পর এবার লেবার পার্টির নেতৃস্থানীয় অবস্থানে আসতে আগ্রহী বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বাংলাদেশের সিলেটের বিশ্বনাথের এই মেয়ে রোববার যুক্তরাজ্যের দৈনিক দি ইন্ডিপেনডেন্টকে জানান, দলের দ্বিতীয় শীর্ষ নেতার পদে আসতে লড়াইয়ের চিন্তাভাবনা করছেন তিনি।

গত ৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি হারলেও দলটির টিকেটে রুশনারাসহ তিন বাঙালি নারী নিজ নিজ আসন থেকে বিজয়ী হয়েছেন।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। রূপা হক জিতেছেন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে।

বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রুশনারা।

নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির নেতৃত্ব থেকে এড মিলিব্যান্ড সরে গেলে দলের নেতৃত্ব বদলের তোড়জোড় শুরু হয়েছে।  

এই লড়াইয়ে দলের নির্বাচিত অন্য এমপিদের সমর্থন পেয়ে অনেকটাই এগিয়ে আছেন কোপল্যান্ড থেকে নির্বাচিত জেমি রিড। আর উপপ্রধানের পদের জন্যও কয়েকজনের সঙ্গে রুশনারাও প্রস্তুতি নিচ্ছেন।

Image
রুশনারা আলী

রুশনারা আলী

আগের মেয়াদে লেবার পার্টির হয়ে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করা ৪০ বছর বয়সী রুশনারা বলেন, “আমি সহকর্মীদের সঙ্গে কথা বলছি। তারা ভালো করেই জানেন তৃণমূলে নেতৃত্ব দেওয়া এবং কার্যকর নীতি নির্ধারণে আমরার দক্ষতা আছে।

“তবে পার্টির পার্লামেন্টারি দলের হাতেই সব ক্ষমতা। তারাই ঠিক করবে আমি এই দৌড়ে থাকব কি না।সামনের দিনগুলোর জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।”

২০১০ সালের নির্বাচনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যের পার্লামেন্টে পা রাখেন রুশনারা।

দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের একজন সহযোগী পরিচালক। আপরাইজিং নামের একটি দাতব্য সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

দরকার বব ডিলানের মতো নেতা ?

পরপর দুই বার ভোটে হারের পর লেবার পার্টির প্রতি মানুষের সমর্থন ফিরিয়ে আনতে সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টন কিংবা বব ডিলানের মতো মানুষের নেতৃত্ব দরকার বলে মত দিয়েছেন দলটির নেতা জেমি রিড, যাকে দলের ভবিষ্যৎ নেতা হিসাবে দেখা হচ্ছে।

Image
জেমি রিড

জেমি রিড

কোপল্যান্ড থেকে এমপি নির্বাচিত হওয়া রিড দলের নেতৃত্ব পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। বিদ্যুৎ মিস্ত্রি ও দোকানকর্মীর সন্তান রিড এজন্য দলের অন্য এমপিদের সমর্থনও পেয়েছেন।

রোববার নিজের নির্বাচনী এলাকার একটি সুপার মার্কেটে কেনাকাটা করার সময় সাংবাদিকদের মুখোমুখি হন রিড।

দলের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে কথা বলার সময় তিনি মার্কিন শিল্পী স্প্রিংস্টন ও ডিলানের কথা তুলে বলেন, “তারা তাদের গানে যেসব কথা বলেছেন, সেভাবেই জীবনযাপন করেছেন। কথা আর কাজে মিল রেখে চলতে পারেন, আমাদের লেবার পার্টির জন্য তেমন নেতৃত্বই দরকার।”

ব্রুস স্প্রিংস্টন এবং বব ডিলান- দুজনের গানেই মূল উপজীব্য মানবাধিকার, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক বিভিন্ন ইস্যু, সামাজিক সমস্যাসহ বিভিন্ন বিষয়।

লেবার এমপি জেমি রিড বলেন, “এখন আমাদের প্রান্তিক এলাকা এবং শহুরে এলাকার বাইরের গোষ্টীগুলোর দিকে বেশি নজর দিতে হবে। লন্ডনই ইংল্যান্ড নয়, নতুন নেতাকে অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠির কথা শুনতে হবে।”