‘রুশনারা, টিউলিপ ও রূপা বিশ্ব বাঙালির অহঙ্কার’
“রুশনারা, টিউলিপ ও রূপা বিশ্ব বাঙালির অহংকার। তিন নারীর অবিস্মরণীয় বিজয় বাংলাদেশে নারী ক্ষমতায়তনে চলমান কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা।
গত ৭ এপ্রিল যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাঙালি মেয়ে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক লেবার পার্টির হয়ে লন্ডনের তিনটি আসন থেকে এমপি নির্বাচিত হন।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ‘অভিনন্দন সমাবেশ’র আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে বাঙালি এই তিনকন্যার বিজয়ের পথ ধরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বাঙালির উত্থান ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীরা।
‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশ’ এর উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে এ সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে বসবাসরত জামায়াত-শিবিরের দোসরেরা নানা অপপ্রচার চালিয়েছে। কিন্তু ভোটাররা ওই অপপ্রচারে বিভ্রান্ত হননি বলেই বিজয় অর্জিত হয়েছে।”
নিউ ইয়র্কে তাদের নাগরিক সংর্বধনা দেওয়ার প্রস্তাব করেন সাংবাদিক লাবলু আনসার।
আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট ও নিউ জার্সি স্টেটের প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে কম্যুনিটি অ্যাক্টিভিস্ট হোসনে আরা, রোকেয়া আকতার, মাহফুজা হাসান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এন আমিন, ফোবানার বাংলাদেশ সম্মেলনের হোস্ট কমিটির সভাপতি বেদারুল ইসলাম বাবলা, সাংবাদিক আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ সাম্মু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্যসচিব শাহীন ইবনে দিলওয়ার, নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের সংগঠক গোপাল সান্যাল, কন্ঠশিল্পী সম্পা জামান প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
