নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের ঐতিহাসিক স্থান ইউনিয়ন স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শ্রমিক অধিকার, মানবাধিকার, অভিবাসীদের অধিকার আদায়ের মতো সব আন্দোলনের কেন্দ্রবিন্দু ইউনিয়ন স্কয়ারে মে দিবসের এক অনুষ্ঠানে এ দাবি তোলেন তারা।
ইউনিয়ন স্কোয়ারের দক্ষিণ-পশ্চিম কোনায় সম্প্রসারিত পার্কে রয়েছে মহাত্মা গান্ধীর ভাস্কর্য। তা স্থাপিত হয়েছে গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অনুদানে।
একইভাবে যদি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ অথবা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কিংবা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থা তহবিল সরবরাহ করে তাহলেই বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমানের ভাস্কর্য স্থাপন সম্ভব বলে প্রবাসীরা জানিয়েছেন।
এ ক্ষেত্রে প্রাথমিক করণীয় হিসেবে সিটি প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সিটির পার্ক অ্যান্ড রিক্রিয়েশন কমিশনার বরাবর আবেদন করার পর তা অনুমোদনের জন্যে কম্যুনিটি বোর্ডে তদবির চালাতে হবে।
নিউ ইয়র্ক সিটির নির্বাচিত একজন প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন-ইতিহাস তথা বাঙালি জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড এনে দেয়ার দীর্ঘ সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হলে কম্যুনিটি বোর্ড তা নিয়ে কালক্ষেপণ করবে না।”
উনিয়ন স্কয়ারে ভারতের অহিংস আন্দোলনের পথিকৃৎ, অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য স্থাপন হয় ১৯৮৬ সালের ২ অক্টোবর।
এখানে আরও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকনসহ মানবতার জন্যে নিবেদিতদের ভাস্কর্য।
