যুক্তরাষ্ট্রে মে দিবসের অনুষ্ঠানে বান কি-মুনের সমালোচনা
স্থানীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেও যুক্তরাষ্ট্রের ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের নীরবতার সমালোচনা হয়েছে নিউ ইয়র্কে মে দিবসের এক সমাবেশে।
শুক্রবার নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে ‘মে ফার্স্ট কোয়ালিশন ফর ওয়ার্কার অ্যান্ড ইমিগ্র্যান্ট রাইটস’ আয়োজিত ওই সমাবেশে অভিবাসী শ্রমিক ও মানবাধিকারকর্মীদের সঙ্গে বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল।
সংগঠনটির এবারের সমাবেশ নিবেদিত হয় বাল্টিমোরে পুলিশের হেফাজতে নিহত ফ্রেডি গ্রেকে। পুলিশি নির্যাতনে ৯০ জনের মৃত্যুর তথ্য তুলে ধরে তার প্রতিবাদ জানানো হয় সমাবেশে।
সমাবেশের অন্যতম সমন্বয়কারী টেরেসা গুটিরেজ বলেন, মে দিবসের চেতনায় এসব মৃত্যুর জন্যে দায়ীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী বাংলাদেশি নাজমুল হক বলেন, পুলিশের হাতে নিহত এরিক গার্নারের বাড়ি স্ট্যাটেন আইল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের অফিস থেকে আধ ঘণ্টারও কম দূরত্বে। বাল্টিমোরে ফ্রেডি গ্রের হত্যাকাণ্ডের ক্ষোভ সারা আমেরিকায়।
“এসব নিয়ে মহাসচিব হোয়াইট হাউজে একটা টেলিফোন করেননি কিংবা কোনো অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেননি। অথচ সাড়ে ১৩ হাজার মাইল দূর বাংলাদেশে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন তিনি, যেখানে কোনো রক্তপাত হয়নি।”
মিহির খান ও লুৎফর রহমান নামে আরও দুই বাংলাদেশি বলেন, যে দেশে তিনি অফিস করছেন, সেই আমেরিকায় ৯০ জনের মৃত্যুর বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ বাংলাদেশের বিষয়ে তার এত মাথাব্যথা কেন?
বাংলাদেশে গত মঙ্গলবার অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন বান কি-মুন।
এনিয়ে শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের টেলিফোন করা নিয়ে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন, একই সময় ভারতের পশ্চিমবঙ্গেও স্থানীয় নির্বাচন হয়েছে, একই ধরনের অভিযোগ সেখানেও উঠেছে, কিন্তু সে বিষয়েও তো জাতিসংঘ মহাসচিবের তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও হতবাক হয়েছি মহাসচিবের টেলিফোনের সংবাদ জেনে। ৩০ এপ্রিল আমাকে ফোন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ-তারানকো। তিনি আমাকে জানান যে, মহাসচিব বাংলাদেশে ফোন করতে চান।
“আমি কোনো আপত্তি জানাইনি। শুধু বলেছি যে, বাংলাদেশে তো কোনো অস্থিরতা নেই। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।”
তখন তারানকো বিএনপির অভিযোগের কথা জানিয়েছিলেন বলে রাষ্ট্রদূত মোমেন জানান। জাতিসংঘের এই সহকারী মহাসচিব বাংলাদেশে রাজনৈতিক মতপার্থক্য দূর করতে মধ্যস্থতা করতে দেড় বছর আগে ঢাকায় এসেছিলেন।
রাষ্ট্রদূত মোমেন বলেন, “বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের এমন নাক গলানোকে আমরা পছন্দ করছি না। কারণ, এর আগে লিবিয়া, ইরাক, আফগানিস্তানের নির্বাচন তদারকির দায়িত্ব নিয়ে জাতিসংঘ যে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে, তা আমরা ভুলে যাইনি।”
