বর্ণিল সাজে লসএঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেড
ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি অধ্যুষিত লসএঞ্জেলেস সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল’।
সাজ সজ্জায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে দুদিনব্যাপী এই প্যারেড ছিল স্মরণকালের সবচেয়ে বড়।
২৮ মার্চ শহরের ব্যস্ততম সড়ক ভারমন্ড ও থার্ড স্ট্রিটে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা) আয়োজিত ‘নবম বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়। প্যারেড উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশ করা হয়।
পরদিন বিকালে প্যারেডের মূল পর্বে বাহারি ও বিচিত্র রঙের পোশাক পরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ২২টি সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা সপরিবারে ঢোল বাজিয়ে প্যারেডের যাত্রা শুরু করেন।
তাদের হাতে ছিল দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন লেখা ও ছবিসম্বলিত ব্যানার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বড় আকারের পতাকা। প্যারেডে ঘোড়ার গাড়ি, বর্ণিল সাজে তিনটি ফ্লট ও ব্যান্ড পার্টি ছাড়াও অংশগ্রহণকারী সংগঠনগুলোর ছিল নিজস্ব নানা আয়োজন।
প্যারেডে ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন ছাড়াও বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী ব্যক্তিগতভাবেও অংশ নেন।
চতুর্দিকে উৎসবের আমেজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্যারেড যেন হয়ে উঠেছিল একখণ্ড। আকর্ষণীয় তিনটি ফ্লট স্পন্সর করেন হক ফাউন্ডেশন, ওমেন্স অরগানাইজেশন এর পক্ষে ড্যানি তৈয়ব ও গ্র্যান্ড স্পন্সর মোয়াজ্জেম হোসেন চৌধুরী। বরাবরের মতো লসএঞ্জেলেস পুলিশ বিভাগও প্যারেডে অংশ নেয়।
প্যারেড মার্শাল ছিলেন চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ। অতিথি ছিলেন সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হারব জে ওয়েসন ও গ্র্যান্ড স্পন্সর মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
বিকেলে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন রইস ভূইয়া, শাইখ সিরাজ।
