২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই-ভাবী ও এক বন্ধু আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 09:11 AM

Updated : 12 Oct 2022, 03:30 PM

নিহত ইমতিয়াজ আহমেদ রুহান (১৮) যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছিলেন। আসছে জুনে কলেজ পর্ব সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

চট্টগ্রামের সন্তান রুহানের বাবা ইফতেখার আহমেদ জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফিলাডেলফিয়ায় বসবাস করছেন তিনি।

স্থানীয় সময় গত শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার বারস্টো এলাকার হিক্সলিতে মহাসড়কে রুহানদের গাড়িতে অন্য একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে ইফতেখার আহমেদ জানান।

এ দুর্ঘটনায় আহত রুহানের বড় ভাই রুমান (২৮) ও তার স্ত্রী ফারহানা আহমেদ নিপা (২৬) এবং রুহানের বন্ধু মেহেদী ইসলাম সীমান্ত (২২) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইফতেখার আহমেদ জানান, তার বড় ছেলে রুমান ও তার স্ত্রী সানফ্রান্সিসকোতে থাকেন। পেনসিলভেনিয়া থেকে বন্ধু সীমান্তকে নিয়ে বড় ভাইয়ের কাছে বেড়াতে এসেছিলেন রুহান।
 

Image
হাসপাতালের শয্যায় আহত মেহেদী ইসলাম সীমান্ত । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

হাসপাতালের শয্যায় আহত মেহেদী ইসলাম সীমান্ত । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বেড়াতে লাসভেগাস যাওয়ার পথে ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময়  রুমান গাড়ি চালাচ্ছিলেন, তার পাশের আসনে ছিলেন নিপা।

অন্য গাড়ি ধাক্কা দিলে পিছনের আসনে বসা রুহান প্রচণ্ড গতিতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে বাইরে ছিটকে পড়েন। এরপর গাড়ি উল্টে কয়েক দফা ডিগবাজি খায়। এরইমধ্যে পেছনের আসনের অপর যাত্রী সীমান্ত পাশের দরজা ভেঙে রাস্তায় পড়েন। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে আটকা পড়েন নিপা।

রুমান ও নিপা সিটবেল্ট পরে থাকায় তারা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হন। পেছনের দুজনের কেউ সিটবেল্ট ব্যবহার করেননি বলে পুলিশ জানিয়েছে।

ছিটকে পড়া রুহান ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী একটি  হাসপাতালে নেওয়া হয়।

নিহত রুহানের লাশ  বুধবার ফিলাডেলফিয়ায় আনা হয়। বৃহস্পতিবার যোহরের পর ল্যান্সডেল সিটির নর্থপেন মসজিদে জানাযা শেষে সেখানকার একটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে ওই দুর্ঘটনায় আহত সীমান্তের বাবা মফিজুল হক জানিয়েছেন।

গুয়েনেট মার্সি ইউনিভার্সিটির ছাত্র সীমান্তের চিকিৎসা চলছে লসএঞ্জেলেস ও লাসভেগাসের মাঝামাঝি কটন সিটিতে এ্যারোহেড রিজিওনাল মেডিকেল সেন্টারে। ছেলের পাশেই আছেন বাবা মফিজুল।

অপরদিকে রুমান ও নিপাকে লোমা লিন্ডা ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে।