২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রে শহীদ বেদীতে শ্রদ্ধার ফুল

একুশের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। এ সময় মার্কিনিরাও তাদের সঙ্গে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 04:08 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

হিমাঙ্কের ১৭ ডিগ্রি নিচের তাপমাত্রা অর্থাৎ স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন প্রবাসীরা।

এ সময় পরিবারের সদস্যদের ‍নিয়ে উপস্থিত বাঙালিদের কণ্ঠে ছিল অমর সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..।’

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে সর্বস্তরে একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আনুষ্ঠানিকভাবে পালনের জন্য একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।

Image
জাতিসংঘ সদরদপ্তরের সামনে শহীদ বেদীতে ফুল দেয়ার পর সর্বস্তরে মার্তৃভাষা দিবস পালনের ঘোষণাপত্র পাঠ করে তা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন স্টেট সিনেটের কর্মকর্তা ডিয়ানে ফুট। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতিসংঘ সদরদপ্তরের সামনে শহীদ বেদীতে ফুল দেয়ার পর সর্বস্তরে মার্তৃভাষা দিবস পালনের ঘোষণাপত্র পাঠ করে তা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন স্টেট সিনেটের কর্মকর্তা ডিয়ানে ফুট। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু ক্যুমোর পক্ষে স্টেট সিনেটের ডেপুটি ডাইরেক্টর ফর কম্যুনিটি রিলেশন্স ডিয়ানে ফুট ঘোষণাপত্রটি পাঠের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেনকে সেটি হস্তান্তর করেন।

গত ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক স্টেট সিনেটে এই ঘোষণাটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এই ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

জাতিসংঘ সদর দপ্তরে সামনে শহীদ মিনারে এ সময় মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা, সমাজকর্মী সেলিনা মোমেন, ‘বাঙালির চেতনামঞ্চ’র আবদুর রহিম বাদশা ও সাখাওয়াত আলী খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আশরাফুল হাসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্কে  বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেন মার্কিন কংগ্রেসের ফরেন রিলেশন্স কমিটির প্রভাবশালী সদস্য এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্যা  গ্রেস মেং।

তিনি বলেন, “ভাষার জন্য বাঙালির অকাতরে রক্তদানের দিনকে যুক্তরাষ্ট্রের প্রতিটি এলাকায় আনুষ্ঠানিকভাবে পালনের বিধি তৈরির জন্য গত বছর প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছিলাম। সেখানে সমর্থন দিয়েছেন নিউ ইয়র্কের সকল কংগ্রেসম্যান।

“কিন্তু রিপাবলিকানদের অসহযোগিতার কারণে বিলটি পাশ হয়নি।”

কংগ্রেসে আবারো বিলটি তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসেও বিলটি পাশের জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি।

বাংলাদেশ সোসাইটির এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড শতাধিক সংগঠনের নেতা-কর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Image
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এদিকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অর্ধশতাধিক দেশের কূটনীতিকসহ জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন  রাষ্ট্রদূত মোমেন।

তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের শোকের প্রতীক, শক্তির প্রতীক, ঐক্যের প্রতীক এবং গৌরবের প্রতীক। এর মাধ্যমে বাঙালি জাতির স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়।

“শহীদ দিবস আমাদের ন্যায় ও মানবতা রক্ষায় দৃঢ় থাকতে এবং প্রতিকূলতার কাছে মাথা নত না করতে শিখিয়েছে। এজন্যই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একুশের চেতনাই বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়তে উদ্বুদ্ধ করছে।”

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গ্যালাচ, রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি পেত্রে ভ ইলিচেভ, ইউনেস্কোর পরিচালক মোওফিদা গুচা এবং ভারতের উপস্থায়ী প্রতিনিধি ভগয়ান্ত শিং ভিশনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় দেশে দেশে মাতৃভাষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

এখানেও অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নিউ ইয়র্কে দক্ষিণ এশীয় রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত শহীদ মিনারে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ দিবস উপলক্ষে নিউ ইয়র্কের কুইন্স, ম্যানহাটান, ব্রুকলিন, ব্রঙ্কসে ১৪টি স্থানে শহীদ মিনার নির্মাণ করে প্রতিটিতেই একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন হাজারো প্রবাসী বাঙালি।

কয়েকটি সংগঠনের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই একুশের আলোচনা, একুশেভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর বসে। প্রতিটি কর্মসূচিতেই শিশু-কিশোরদের অংশগ্রহণ উপস্থিতদের মুগ্ধ করে।