‘নির্বাচনী দুর্নীতি ঠেকাতে ব্যর্থ লন্ডন মেট্রোপলিটন পুলিশ’
টাওয়ার হেমলেটসের নির্বাচনে দুর্নীতি ঠেকাতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন টাওয়ার হেমলেটস পরিষদে কনজারভেটিভ গ্রুপের নেতা পিটার গোল্ডস।
মঙ্গলবার হাই কোর্টের নির্বাচনী আদালতে তিনি এই অভিযোগ করেন।
শুনানিতে তিনি বলেন, মেট্রোপলিন পুলিশ ‘খুবই দুর্বলভাবে’ কাজ করেছে। অন্যান্য এলাকায়ও পুলিশ বাহিনীর বিষয়ে একই অভিমত পাওয়া গেছে বলে জানান তিনি।
নির্বাচনে জালিয়াতিতে অভিযুক্ত ইস্ট লন্ডনে টাওয়ার হেমলেটসে স্বতন্ত্র মেয়র ও টাওয়ার হেমলেটস ফার্স্ট পাটির নেতা লুৎফুরের বিরুদ্ধে শুনানিতে তিনি লিখিত ও মৌখিক দলিলাদি উপস্থাপন করেন।
সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যান্ডি এরলামের নেতৃত্বে চার ভোটারের একটি দল লুৎফুরের বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে নেমেছে।
দলটি ২০১৪ সালের মে মাসের নির্বাচন বাতিল করে ফের নির্বাচনী তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনার ও আদালতের বিচারক রিচার্ড মাওরির কাছে দাবি জানিয়ে আসছে।
তবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র লুৎফর দাবি করে আসছেন, ওই নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।
গোল্ডস বলেন, ‘দীর্ঘ দিন ধরে’ লন্ডন পুলিশের বিষয়ে ‘অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন’ উঠেছে। আমি মনে করি মেট্রোপলিটন পুলিশ খুবই দুর্বল হয়ে পড়েছে।
“দেশের বিভিন্ন এলাকার সহকর্মীদের সঙ্গে কথা বলেও একই ধরনের মত পাওয়া গেছে, যা দুঃখজনক ও নেতিবাচক। তারাও মনে করছেন, নির্বাচনী অনিয়মের সমস্যাগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে নিতে পারছে না পুলিশ বিভাগ।”
নিজের সম্পর্কে আদালতকে তিনি জানান, ১৯৭০ এর দশকের শুরুতে ও ৮০-এর দশকের শেষ দিকে তিনি কনজারভেটিভ পার্টির পেশাদার প্রতিনিধি ছিলেন। লন্ডনের ১০টি ভিন্ন বরোতে তিনি নির্বাচনী প্রতিনিধি হিসেবে এবং ৩২টি বরোতে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। ১৫ বছর আগে ইস্ট লন্ডনে বসবাস শুরুর পর থেকে তিনি কনজারভেটিভ পার্টির স্থানীয় স্থানীয় শাখায় সক্রিয় রয়েছেন।
“গত দশকে পুলিশ ও নির্বাচনী কর্তৃপক্ষের কাছে আমি অসংখ্য চিঠি পাঠিয়েছি, যেগুলোর বেশিরভাগই উপেক্ষিত হয়েছে অথবা ফেলে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “এক দশকের বেশি সময় ধরে এই নির্বাচনী এলাকাতে নির্বাচনে অনিয়ম চলছে… একগাদা দলিলাদি পুলিশের কাছে পাঠানো হয়েছে, যেগুলো হয় উপেক্ষিত হয়েছে না হয় ‘কাট-পেস্ট’ তদন্তের বিষয় হয়েছে।”
এই চারজনের দল গণপ্রতিনিধিত্ব আইনের বিধানের আওতায় ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছেন। তাদের আইনজীবীরা একগাদা অভিযোগ তুলেছেন, যাতে ডাকে পাঠানো ব্যালটে ও ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া এবং ব্যালট পেপারে ঘষামাজার মতো বিষয় রয়েছে।
তবে লুৎফুর লুৎফরের আইনজীবীরা এসব অভিযোগকে বানানো ও অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তারা বলছেন, ‘কোনো কোনো ক্ষেত্রে এগুলো চূড়ান্তভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ।
দুই পক্ষের বক্তব্য অসম্পূর্ণ রেখেই আদালত দিনের শুনানি পরদিন পর্যন্ত মুলতবি ঘোষণা করে।
