২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নিউ ইয়র্কে প্রস্তুতি

একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের মতো যুক্তরাষ্ট্র প্রবাসীরাও প্রস্তুত হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

আন্তর্জাতিক বলয়ে একুশ উদযাপনের দুই যুগপূর্তি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হবে। এর মধ্যে নিউ ইয়র্কেই হবে ১২টি শহীদ মিনার।

এছাড়া নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, টেক্সাস, মিনেসোটা, ওহাইয়ো, ওয়াশিংটন, নর্থ ক্যারলিনা, লুইজিয়ানা, আলাবামা, নেভাদা,  রোড আইল্যান্ড, কানেকটিকাট অঙ্গরাজ্যেও অন্তত ৪৫টি অস্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রস্তুতি চলছে।

এর সঙ্গে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে লিটল বাংলাদেশে স্থায়ী শহীদ মিনারেও শ্রদ্ধার্ঘ্য জানাবেন প্রবাসী বাঙালিরা।

জাতিসংঘের সামনে দুই পর্বের অনুষ্ঠানে ইউনেস্কো, জাতিসংঘের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও নগর প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে  ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। থাকবে ভাষা শহীদদের নিয়ে তৈরি তথ্যচিত্র ও স্লাইডের প্রদর্শনী এবং প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

বরাবরের মত এ বছরও মুক্তধারা নিউ ইয়র্কে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে মুক্তধারা কার্যালয়ে এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন বস্টন প্রবাসী কবি ও লেখক সাজেদ কামাল।মেলার প্রথমদিন ভাষা শহীদদের স্মরণে হবে আলোচনা।

একুশে গ্রন্থমেলা চলবে ১ মার্চ পর্যন্ত। তবে মেলার শেষ দুদিনের আয়োজন ৭৭ স্ট্রিটে পাবলিক স্কুল-৬৯ মিলনায়তনে স্থানান্তরিত হবে বলে মুক্তধারা নিউ ইয়র্কের প্রধান বিশ্বজিৎ সাহা জানিয়েছেন।