হাজার পাউন্ডের ক্রিস্টাল বল ফেলে বর্ষবরণ
সন্ত্রাস ও হানাহানি মুক্ত বিশ্ব এবং আরও সমৃদ্ধশালী যুক্তরাষ্ট্রের প্রত্যাশা নিয়ে খ্রিস্টীয় নতুন বছর ২০১৫ কে বরণ করে নিল দেশটির নাগরিকরা।
নিউ ইয়র্কের টাইম স্কয়ার ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, ফ্লোরিডা, লাস ভেগাস ও টেক্সাসসহ বিভিন্ন বড় শহরে বর্ষবরণ হয় বেশ জাঁকজমকের সঙ্গে।
টাইম স্কয়ারে স্থানীয় সময় পহেলা জানুয়ারির প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা কয়েক লাখ মানুষের পাশাপাশি আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, কিউবা, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
নিউ ইয়র্কে ১১ হাজার ৮৭৫ পাউন্ড ওজনের একটি ক্রিস্টাল বল উপর থেকে ফেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। রীতি অনুযায়ী প্রথম প্রহরে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এই বলের পতন ঘটান। বলটিতে ছিল ত্রিভুজ আকৃতির দুই হাজার ৬৮৮টি ওয়াটারফোর্ড ক্রিস্টাল।
বর্ষবরণ উপলক্ষে শহরের নিরাপত্তা জোরদার করা হয় এবং টাইম স্কয়ারে যাওয়ার সব পথে বিশেষ তল্লাশি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মদ বা নেশা জাতীয় যে কোনো ধরনের দ্রব্য সঙ্গে রাখা নিষিদ্ধ ছিল।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও টাইম স্কয়ারের বর্ষবরণে ছিলেন নিজ দেশের পতাকা হাতে। এছাড়াও প্রবাসীদের উদ্যোগে নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনে ছিল বর্ষবরণের বেশ কয়েকটি জমকালো আয়োজন।
