২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে’ খালেদার বিচার দাবি

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

২৮ ডিসেম্বর মিশিগানের হেমট্রমিক সিটিতে ‘গেইট অব কলম্বাস’ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ দাবি তোলা হয়।   

বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্যের জন্য খালেদার বড় ছেলে তারেক রহমানের বিচার দাবি করেন প্রবাসীরা।  

যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে জঘন্য অপপ্রচারণায় লিপ্ত খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার সময় এসেছে।”

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দুজনের বিচার চেয়ে প্রবাসী এই নেতা বলেন, “পাকিস্তানি হায়েনাদের বিচারের সময়েই এ দুজনকেও চরম শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধ নিয়ে বিষোদগার আর মিথ্যাচার রোধ করা সম্ভব হবে না।”

গত ২২ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”

বিজয়ের মাসে খালেদার এই বক্তব্য নিয়ে দেশে-বিদেশে সমালোচনা চলছে। বক্তব্যের ব্যাখ্যায় বিএনপি মঙ্গলবার বলেছে, শহীদদের অসম্মান করার উদ্দেশ্যে খালেদা জিয়া ওই বক্তব্য দেননি।

মিশিগানে যুবসমাবেশে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন।

মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ‘বিজয় ৪৪’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচনও করা হয় সমাবেশে।

পুরনো খবর:

মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়
খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান প্রবাসী মুক্তিযোদ্ধাদের