‘মুক্তিযুদ্ধ অবমাননা আইনের’ উদ্যোগে প্রবাসীদের স্বস্তি
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়া বক্তব্যের প্রেক্ষাপটে ইউরোপের ‘গণহত্যা অস্বীকৃতি আইনের’ আদলে আইন প্রণয়নের খবরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসীরা।
২৭ ডিসেম্বর এক বিবৃতিতে এ আইনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি দেশদ্রোহিতার অভিযোগে বিএনপি চেয়ারপাসনের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে যুক্তরাষ্ট্রের ‘কমিটি অন সেক্যুলার-ডেমোক্রেটিক বাংলাদেশ’।
মুক্তিযুদ্ধ ও শহীদদের বিরুদ্ধে বক্তব্য বন্ধে এবং মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের পক্ষ যারা নেবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটি আইনের খসড়া তৈরির সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া হয়েছে বলে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
ইউরোপে হলোকাস্ট ডিনায়াল ল-এর আওতায় গণহত্যার অস্বীকৃতি শাস্তিযোগ্য অপরাধ, যার আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবমাননার বিরুদ্ধেও আইনের পরিকল্পনা হচ্ছে বলে জানান বিচারপতি খায়রুল।
যুক্তরাষ্ট্রপ্রবাসীদের এ সংগঠনের বিবৃতিতে বলা হয়, “হলোকাস্টের আদলে সম্ভাব্য নতুন আইন করার উদ্যোগে প্রবাসীরা আশ্বস্ত হয়েছে।”
২২ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
বিবৃতিতে বলা হয়, “খালেদা জিয়ার এই বক্তব্য মোটেও আকস্মিক নয়। অতীতে পাকিস্তানও একাধিকবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে।”
কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর ‘একাত্তরে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি’ বলেও পাকিস্তান সরকার প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট ও নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, সিনিয়র-ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরনবী ও সংগঠনের সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী সই করেছেন।
প্রবাসীদের কয়েকটি সংগঠনের আরেক যুক্ত বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বক্তব্য ও মন্তব্যকে উপেক্ষা করা হলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আরও উৎসাহ পাবে। তাই অবিলম্বে দেশদ্রোহিতার অভিযোগে খালেদা জিয়াকে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করা জরুরি।
এতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান ও সেক্রেটারি আব্দুর রহমান মামুন এবং যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা আশরাফুজ্জামান সই করেন।
আগামী ৩১ ডিসেম্বর দেশে অনুষ্ঠেয় পৌর ভোটের মাধ্যমে একাত্তরের পরাজিত শত্রুদের সব দোসরকে বর্জনের আহ্বানও জানানা তারা।
