২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসন হাইটসে ‘জেবিবিএ’ নির্বাচন ২০ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন- জেবিবিএ’র ভোট হবে আগামী ২০ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 08:47 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

এদিন রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত একটানা চলবে ভোট। সংগঠনটির ১৫ আসনে মোট প্রার্থী ৩১ জন, ভোটার সংখ্যা ২৫৭। 

নির্বাচনী মাঠে সরাসরি লড়াইয়ে রয়েছে ‘জিকো-তারেক’ প্যানেল ও ‘দিদার-কামরুল’ প্যানেল। 

‘জিকো-তারেক’ প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জাকারিয়া মাসুদ জিকো এবং সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন মোহাম্মদ তারেক খান।

অন্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি প্রার্থী আবুল ফজল দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী কামরুজ্জামান কামরুল।

এছাড়া একক প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাহবুবুর রহমান টুকু।  

ভোটে ‘জিকো-তারেক’ ও ‘দিদার-কামরুল’ প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা।   

গত সপ্তাহে দুই প্যানেলের পরিচিতি সভা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে প্যানেলের পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার দিয়েছেন ‘দিদার-কামরুল’ প্যানেল। পরে ১৪ ডিসেম্বর একই স্থানে প্রার্থী পরিচিতি সভায় ইশতেহার দেন ‘জিকো-তারেক’ প্যানেল।  

বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে পার্কিং ব্যবস্থার প্রসার, স্থায়ী মসজিদ নির্মাণ এবং নিজস্ব ভবনে জেবিবিএর অফিস স্থাপনের প্রতিশ্রুতি এসেছে দুপক্ষ থেকে।

জেবিবিএর আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের অঙ্গীকারও এসেছে।

‘জিকো-তারেক’ প্যানেল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সভাপতি প্রার্থী জাকারিয়া মাসুদ জিকো।

তাদের ইশতেহারে সংগঠনের স্থায়ী একটি তহবিল গঠন, সংগঠন উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ, জেবিবিএ সদস্যগণের জন্যে ‘আইডি কার্ড ইস্যু’ এবং ‘পার্কিং’ সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।  

অন্যদিকে, ‘দিদার-কামরুল’ প্যানেলের নির্বাচনী ইশতেহারেও বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি এসেছে।

সংগঠনের মৌলিক সমস্যা সমাধানের পাশাপাশি নতুন ব্যবসায়ীদের সহযোগিতা করা, তাদের জন্য ‘ট্যাক্স ল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালার আয়োজন করা, ব্যাসায়ীদের মাঝে অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণের মতো নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ সম্পাদক পদে প্যানেলহীন প্রার্থী মাহবুবুর রহমান টুকুও ব্যক্তিগতভাবে প্রচারণা চালাচ্ছেন।

জেবিবিএকে ব্যবসায়ী এবং প্রবাসীদের জন্যে কল্যাণকর একটি সংগঠনে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতির পাশাপাশি জ্যাকসন হাইটসে স্থায়ী শহীদ মিনার স্থাপন, কম্যুনিটি সেন্টার স্থাপনের অঙ্গীকার করেছেন টুকু।

ভোটার শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতারণা আর জালিয়াতিসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত লোকজনকে জেবিবিএর নেতৃত্বে কোনভাবেই অধিষ্ঠিত করা যাবে না। কমিউনিটির সামগ্রিক স্বার্থে আমরা জেবিবিএকে সামনে এগিয়ে নিতে চাই”। 

জেবিবিএর প্রতিষ্ঠাতা সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, “মার্কিন প্রশাসনে ব্যাপক প্রভাব রয়েছে ইউএস চেম্বার অব কমার্সের। জেবিবিএকে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কমিউনিটির দাবি আদায়ের জন্যে। সেজন্যে দরকার উপযুক্ত নেতৃত্ব।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com