যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিজয় দিবস
ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪ বছরপূর্তি উপলক্ষে ১৬ ডিসেম্বর নিউইয়র্ক সিটি, নিউজার্সি, পেনসিলভানিয়া, বস্টন, ফ্লোরিডা, লসএঞ্জেলেস, টেক্সাস, জর্জিয়া ও মিশিগানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরসংলগ্ন বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবস উদযাপন শুরু হয়।
বিকালে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে হয় বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার ডেভিড আই ওয়ারেন, লেখক-কলামনিস্ট বেলাল বেগ ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদ উল্লাহ বক্তব্য রাখেন।
রাতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা যুবকমান্ডের যৌথ উদ্যোগে হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় ‘সার্বজনীন বিজয় দিবস উদযাপন’।
মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, সিলেটের সাবেক কমিশনার ফখরুল ইসলাম খান ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।
