যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশের সভা অপর চার অংশের হামলায় ‘ভণ্ডুল’
যুক্তরাষ্ট্র বিএনপি'র শরাফত হোসেন বাবু নেতৃত্বাধীন অংশের সভা অপর চার অংশের নেতাকর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে গেছে।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের গোরমেট রেস্টুরেন্টে বাবুর নেতৃত্বাধীন অংশ সভা করার প্রস্তুতি নিলে এই হামলার ঘটনা ঘটে।
সভা ভণ্ডুল হওয়ার কথা স্বীকার করেন বাবু নেতৃত্বাধীন অংশের নেতা নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিজয় দিবসের সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা চলছিল। সেখানে অপর গ্রুপের লোকজন চড়াও হয়। এ কারণে শেষ মুহূর্তে আমাদের সভা ভণ্ডুল হয়ে গেছে।”
বাবুর নেতৃত্বাধীন অংশের ওই সভার খবর পেয়ে নেতাকর্মীরা গিয়ে তা 'প্রতিহত' করে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশের নেতা আব্দুল লতিফ সম্রাট।
তিনি বলেন, "নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে আমাদের (বাবু নেতৃত্বাধীন অংশ বাদে বাকি চার অংশের) সম্মিলিত কর্মী সভা হচ্ছিল। ওদের সভার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তা ভণ্ডুল করে দিই।"
বাবুকে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের ‘এজেন্ট’ বলে অ্যাখ্যায়িত করেন সম্রাট।
“১/১১’র কথিত সংস্কারবাদী মিলন নিউ ইয়র্কে ঘাপটি মেরে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য বিএনপির কমিটি গঠনের জন্যে বাবুকে নিয়োগ করেছেন।”
যুক্তরাষ্ট্র বিএনপি’র আরেক নেতা গিয়াস আহমেদ জানান, "মিলন-বাবু’রা গঠনতন্ত্র ভঙ্গ করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানতে পেরেই নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়েছে।
“গঠনতন্ত্র অনুযায়ী আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবার কথা, তারপর হবে অঙ্গরাজ্য কমিটি। কিন্তু এহসানুল হক মিলন নয়া ফতোয়া দিয়ে গোপনে গোপনে অঙ্গরাজ্য কমিটির পদক্ষেপ গ্রহণ করেছেন।”
“বিএনপিতে কোনো চাঁদাবাজ-ধান্দাবাজের ঠাঁই হবে না।," মন্তব্য করে বিজয় দিবস উপলক্ষে বাবু’র নেতৃত্বাধীন অংশের ডাকা সমাবেশও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
বাবুল বলেন, “তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি-ধোঁকাবাজি করতে চাইবে তাদের এভাবেই প্রতিরোধ করা হবে।”
তবে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলছেন বাবু নেতৃত্বাধীন অংশের নেতা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
বিজয় দিবস উপলক্ষে ১৯ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সমাবেশ ডেকেছে বাবু অংশ। একই দিন জুইশ সেন্টারের কাছাকাছি পালকি পার্টি সেন্টারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে অন্যরা।
দুই পক্ষই তাদের সমাবেশে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে প্রধান অতিথি করেছে।
