২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আটকদের মুক্তি দাবিতে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৪২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন দলটির প্রবাসী নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:26 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

নিউ ইয়র্ক স্টেট ও নিউ ইয়র্ক সিটি বিএনপির যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশ হয়।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ্ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

আতিকুর বলেন, “বিশ্ববিবেককে তাক লাগিয়ে শেখ হাসিনা ও তার সরকার বাংলাদেশে ভেলকিবাজির শাসন কায়েম করতে চাচ্ছেন। কোনো অঘটন ঘটলেই দোষ চাপাচ্ছেন প্রধান বিরোধী দল বিএনপির ওপর।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা যুবদল সভাপতি মনির হোসেন ও জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লাসহ ৪২ জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের ‘স্বৈরাচারী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ’ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আটক নেতাদের মুক্তি এবং মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আতিকুর বলেন, “অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে।”

বিক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাখাওয়া হোসেন আজম, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সেক্রেটারি রুহুল আমিন নাসির, শাহাদাত হোসেন রাজু, মহিলা দলের নেত্রী নীরা রব্বানী, রুবী চৌধুরী উপস্থিত ছিলেন।  

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com