মালয়েশিয়ায় নিহত শ্রমিকের লাশ দেশে আসছে শুক্রবার
কুয়ালালামপুরে ক্রেন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক মোহাম্মদ সুমেল ওরফে নাসির মিয়ার লাশ দেশে আসছে শুক্রবার।
মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ সুমেল ওরফে নাসির মিয়া (৩০)। নাসির হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামের মো. আরশব আলীর ছেলে।
মালয়েশিয়া পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে নাসিরের মরদেহ এখন পুলিশের হেফাজতে রয়েছে।
মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের শ্রম সচিব শাহিদা সুলতানা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নাসিরের মরদেহ পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।শুক্রবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় তার লাশ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
শাহিদা সুলতানা আরও জানান, নাসিরকে নিয়োগকারী নির্মাণ কোম্পানির কাছ থেকে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস।
প্রত্যক্ষদর্শী এক নির্মাণ শ্রমিক মো. মনির বলেন, “ওইদিন সকাল ৯টার দিকে নির্মাণস্থলে বালু উঠানোর সময় একটি ক্রেনের তার ছিঁড়ে নিচে কর্মরত নাসিরের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহতের এক সহকর্মী মো. ইউসুফ জানান, শ্রমিক হিসেবে ২০১৩ সালের শেষ দিকে মালয়েশিয়ায় এসেছিলেন নাসির। এ বছরের ডিসেম্বরে তার বাড়ি ফেরার কথা ছিল।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
