২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে দুর্গাপূজা উদযাপিত

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরে দুর্গাপূজা উদযাপন করেছে প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 12:59 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র

আটলান্টিক সিটিতে উদযাপিত হয়েছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর ‘শ্রী শ্রী গীতা সংঘ’র উদ্যোগে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত  আয়োজিত দুর্গাপূজায় ছিল পূজার্চনা, অঞ্জলি, আরতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ।

Image
আটলান্টিক সিটির পূজা, যুক্তরাষ্ট্র

আটলান্টিক সিটির পূজা, যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার দশমীর দিন সকালে বিহিত পূজা , দর্পণ বিসর্জন, মন্ত্রপাঠ, অঞ্জলি প্রদান, ধান-দুর্বা-মিষ্টি আর আবীর দিয়ে দেবীকে বিদায় জানিয়েছেন ভক্তরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের নৃত্য অনুষ্ঠান ছিল মনোগ্রাহী।

লন্ডন, যুক্তরাজ্য

রাধাকৃষ্ণ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যর  উদ্যোগে পূর্ব লন্ডনের ম্যানর পার্কের গুরু রবিদাশ কমিউনিটি সেন্টারে পালিত হয়েছে শারদীয় দুর্গা পূজা।  রোববার ষষ্টী পূজা দিয়ে শুরু হয়  বাঙালি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসবের। সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই পূজামণ্ডপে ছিল ভক্তদের ভিড়।

Image
লন্ডনের দুর্গাপূজা

লন্ডনের দুর্গাপূজা

বার্মিংহাম, ম্যানচেস্টার এবং সুইন্ডন থেকেও  অনেকে যোগ দেন এই শারদীয় উৎসবে। অন্যান্য সম্প্রদায়ের অনেকেও পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আনন্দে শামিল হয়েছেন।   

পূজার্চনা, অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন করেন। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সন্ধ্যার পরে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয়া দশমীর দিন দুর্গাকে সিঁদুর পরিয়ে বিদায় জানান ভক্তরা।দশমীর সন্ধ্যায় পূজা মন্ডপে বসেছিল লোকগীতি ও ধামাইল গানের আসর।  

রাধাকৃষ্ণ অ্যাসেসিয়েশন এবারই প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজার আয়োজন করে।

ক্যালগেরি, কানাডা

কানাডার ক্যালগেরি শহরের সনাতন ধর্মাবলম্বী বাঙালিরা কর্মব্যস্ত জীবন ছন্দে ক্ষণিকের বিরতি নিয়ে মেতে উঠেছিলেন দেবীবন্দনার মিলন মহোৎসবে শুক্র, শনি ও রোববার।

কর্মসংস্কৃতির দেশ কানাডায় বাঙালিরা তিথি ছাড়িয়ে এসে সুবিধামতো ছুটির দিন ‘উইকএন্ডে’ ধর্মীয় উৎসব উদ্যাপন করে থাকেন।

Image
ক্যালগেরির দুর্গাপূজা, কানাডা

ক্যালগেরির দুর্গাপূজা, কানাডা

‘ক্যালগেরি বঙ্গীয় পরিষদ’ এবছর শেপার্ড কমিউনিটি সেন্টারের হলরুমে পূজা এবং প্রথম দুই দিন সন্ধ্যা নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অন্যান্যবারের মতো প্রকাশিত হয়েছে পূজাবার্ষিকী ‘পার্বণী’।

এই প্রথম ক্যালগেরিতে ঢাকের বাদ্যের সঙ্গে পূজা ও আরতি হয়েছে।এতে যোগ দিতে এডমন্টন, ফোর্ট ম্যাকমুরি এবং  রেড ডিয়ার শহর থেকেও এসছেন অনেকে।

প্রায় ছয়শ লোকের জন্য প্রসাদের আয়োজন ছিল প্রথম দুইদিন।শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় দিয়ে আগামী বছরের প্রতীক্ষায় শেষ হয় ক্যালগেরির শারদ উৎসব। 

ব্রিসবেন, অস্ট্রেলিয়া  

অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড প্রদেশের প্রবাসী বাঙ্গালিদের সংগঠন ‘বাংলাদেশ পুজা ও কালচারাল সোসাইটি ব্রিসবেন’ (বিপিসিএস) শনিবার ও রোববার শহরের লোগান সিটি মিলনায়তনে দুই দিনব্যাপী পূজার আয়োজন করে।

পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন হয়ে বাংলাদেশি বিভিন্ন সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। সাধারণত ৪/৫ দিনের পূজা হলেও, বিপিসিএসয়ের সভাপতি তপন সাহা বলেন, “বিদেশের ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে অন্যবারের মতো  এবারও সাপ্তাহিক ছুটির দুই দিনেই আয়োজন করতে হয়েছে পূজার।”

সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ শিকদার বলেন, “এ বছরের সাংস্কৃতিক আনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে  অশুভ শক্তির বিনাশের জন্য মা দুর্গার পৃথিবীতে আগমন।” 

Image
অস্ট্রেলিয়ার ব্রিসবেন পূজা মণ্ডপে নৃত্য পরিবেশনা

অস্ট্রেলিয়ার ব্রিসবেন পূজা মণ্ডপে নৃত্য পরিবেশনা

দুই মাস প্রস্তুতির পর সাংস্কৃতিক সম্পাদক মিঠুন চক্রবর্তীর উপস্থাপনায়,  তপন সরকারের স্বাগত  বক্তব্যের মাধ্যমে সন্ধ্যায় শুরু হয়  পূজা পরবর্তী প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য লিয়েন এনস এবং ডানকন পেগ, ব্রিসবেন সিটি  কাউন্সিলর  মিলটন ডিক, লোগান সিটি  কাউন্সিলর লুক স্মিথ। অনুষ্ঠান শেষে অতিথিরা  উপস্থিত বাঙালিদের সঙ্গে সবজি-ভাত- মাছ দিয়ে নৈশ ভোজে  অংশ নেন। 

দ্বিতীয় দিনের সন্ধায় পূজা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বাচ্চাদের ছবি আঁকা এবং সকলের জন্য উন্মক্ত শঙ্খধ্বনি প্রতিযোগিতা। আয়োজক সংগঠনের সদস্যরা বাঙালির ‘মান রক্ষার্থেই’ যেন পূজার পর মণ্ডপে আড্ডা দিয়ে  কাটিয়েছেন সারা দিন।  

৬০০ কিলোমিটার দূরের রকহ্যামটন থেকে পূজা দেখতে আসা শর্বরী বিশ্বাস বলেন, “প্রতিবার পূজায় আসি প্রাণের টানে, দেবী দুর্গাকে অঞ্জলি দিতে। আর বন্ধুদের সঙ্গে সারা দিনের আড্ডা-এ এক বিরাট সুযোগ!ছেলে মেয়েরাও খুব উপভোগ করে।  বড় কথা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার সুযোগ পায়।” 

সদ্যই অস্ট্রেলিয়াতে পড়তে আসা সদস্য সঞ্জীব মণ্ডল বলেন, “দেশের বাইরে  পূজায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত আমি।”

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের শারদীয় দুর্গাপূজার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা। সঙ্গে ছিল চ্যানেল আই এর সেরা কন্ঠ বৃষ্টির মনমাতানো সুর |

Image
সিঙ্গাপুরের বিজয়া দশমী

সিঙ্গাপুরের বিজয়া দশমী

এ আয়োজনে হাজির হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান।  

পূজার দিনগুলোতে দুপুর ও রাতে প্রসাদের ব্যবস্থা করা হয়, যা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। দশমীতে দেবীর বিদায়ের বিরহকে আনন্দে পরিণত করে ভক্তরা ঢাকের তালে তালে নৃত্য, সিঁদুর খেলায় অংশ নেয়।

সিঙ্গাপুর সরকারও সাগরে প্রতিমা বিসর্জনে কোনো বাঁধা প্রদান করেনি।সবকিছু মিলিয়ে এটি প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। |

(প্রতিবেদন পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি,যুক্তরাজ্যের লন্ডনে থেকে দেবপ্রিয় দেব,  কানাডার ক্যালগেরি থেকে শেখর কুমার সান্যাল, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে হেমেন্দ্র নাথ মল্লিক,সিঙ্গাপুর থেকে দীপঙ্কর বসাক)

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com