২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় বাংলাদেশিকে হত্যা করে দোকানে ডাকাতি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি কর্মীকে গুলি করে মেরে এক দোকানে ডাকাতির ঘটনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 11:59 AM

Updated : 22 Aug 2022, 01:35 PM

শনিবার সকালে সেবরিং সিটির ৬২৯ এন রিজউড ড্রাইভের শেল ফুড মার্টে এ ঘটনা ঘটে।

নিহত মোশতাক আহমেদের (৬১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তিনি একাত্তরের একজন মুক্তিযোদ্ধা বলে তার ভাতিজা মাইদুল ইসলাম জানান।

সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন জানান, মোশতাক আগে নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়ের সঙ্গে থাকলেও সাত মাস আগে তিনি ফ্লোরিডায় এসে ওই দোকানে কাজ নেন।

“এক কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে অস্ত্রের মুখে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং মোশতাককে গুলি করে পালিয়ে যায়।”

স্থানীয় পুলিশ মোশতাককে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকঘণ্টা পর তিনি মারা যান।”

ফ্লোরিডার বাংলাদেশি কম্যুনিটির নেতা আমিনুল ইসলাম অপু জানান, ঘটনার পরপরই পুলিশ দোকানটির সার্ভিলেন্স ক্যামেরা নিয়ে গেছে। তবে ওই ডাকাতকে এখনো আটক করা যায়নি।

শুক্রবার দুপুরে সেন্ট্রাল ফ্লোরিডা মসজিদে মোশতাকের জানাজা হবে। এরপর তার লাশ দাফনের জন্যে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।

গত অগাস্টে এই ফ্লোরিডাতেই শহীদুল আলম (৫৪) নামে এক বাংলাদেশিকে তার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com