নিউ ইয়র্কে হল ‘৭১ এর যুদ্ধ শিশু’ সেমিনার
একাত্তরে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত বীরাঙ্গনাদের সামাজিক স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী এক সংগঠন আয়োজিত সেমিনারে।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন’র উদ্যোগে ‘৭১ এর যুদ্ধ শিশু’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার হয়েছে জ্যাকসন হাইটস জুইশ সেন্টারে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কানাডা প্রবাসী বাংলাদেশি মোস্তফা চৌধুরী। কানাডায় বড় হওয়া যুদ্ধ শিশুদের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘৭১’র যুদ্ধ শিশু-অবিদিত ইতিহাস’ নামের একটি বইয়ের রচয়িতা মোস্তফা চৌধুরী এক যুদ্ধ শিশুর বরাত দিয়ে বলেন, “হায়েনাদের ওপর চরমভাবে ক্ষুব্ধ আরও অনেকের মত আমাকে যিনি জন্মের আগেই হত্যা করেননি গর্ভপাত ঘটিয়ে, সেই মহিয়সী রমণীকে ধন্যবাদ দিতে চাই। বিলম্বে হলেও মায়ের ঋণ শোধ করতে চাই। মাতৃস্নেহে আপ্লুত হতে চাই।”
এমন আকুতি প্রতিটি যুদ্ধশিশুর-উল্লেখ করেন চৌধুরী। কারণ, তারা পালিত মা-বাবার কাছে সবকিছু জেনেছেন এবং যতই জানছেন ততই মায়ের অভাব বোধ জাগ্রত হচ্ছে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন কবি ও লেখক বেলাল বেগ এবং আলোচনায় অংশ নেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ।
বীরাঙ্গণাদের সামাজিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, উল্লেখ করেন তিনি।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বেও ‘বীরাঙ্গণা’দের ব্যাপারে সামাজিক ধ্যান-ধারনায় পরিবর্তন আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মানীত হচ্ছেন, একইভাবে বীরাঙ্গণারাও সমাজ ও রাষ্ট্রীয় সম্মানের অধিকারী -এ চেতনা সর্বস্তরে জাগ্রত করার ওপর সকলে জোর দেন।
সোমবার বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারদের হাতে নির্যাতিত ৪১ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। পর্যায়ক্রমে বীরাঙ্গনাদের সবাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন বলে জানিয়েছে সরকার।
