২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হাসিনার নেতৃত্বে ‘আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের মডেল’  

প্রধানমন্ত্রী জাতিসংঘে দুইটি পুরস্কার পাওয়ায় নিউ ইয়র্ক আওয়ামী লীগের সমাবেশে একথা বলেছেন এক প্রবাসী  আওয়ামী লীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:21 PM

Updated : 12 Oct 2022, 04:16 PM

শুক্রবার নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় নিউ ইয়র্ক আওয়ামী লীগ আয়োজন করে এক ‘আনন্দ সমাবেশ’।  

এই সমাবেশের বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশ যখন আন্তর্জাতিক অঙ্গনে বহুবিধ স্বীকৃত পাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে, ঠিক তেমনি সময়ে বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাসীরা পুনরায় দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে।”

মুক্তিযুদ্ধের চেতনায় সব বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে   “বিএনপি-জামাত-শিবিরের  ষড়যন্ত্র রুখে দেওয়ার” আহবান জানান জাকারিয়া।

সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, “নিজের কর্মগুণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হলেন এবং একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও মহিমান্তিত করলেন।”

সাজ্জাদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “শুধু ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ নয়, বঙ্গবন্ধু কন্যা ‘আইসিটি অ্যাওয়ার্ড’ও পেয়েছেন। বাংলাদেশ তার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে- এসব পুরস্কার তারই প্রমাণ।”

Image
নিউ ইয়র্ক আওয়ামী লীগের আনন্দ সমাবেশের অতিথিবৃন্দ।  ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্ক আওয়ামী লীগের আনন্দ সমাবেশের অতিথিবৃন্দ।  ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে নূরনবী কমান্ডার উল্লেখ করেন, “শেখ হাসিনা হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার এক মহান কারিগর। তার নেতৃত্বে প্রবাসীরাও ঐক্যবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান সাবু, সরাফ সরকার, জাহাঙ্গির হোসেন, শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন।

এ সমাবেশের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপের যোগ দেবার কথা থাকলেও তাকে সমাবেশস্থলে দেখা যায়নি।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com