কাতারে হলো বাংলাদেশি শিল্পীদের কনসার্ট
দোহায় বাংলাদেশি শিল্পীদের কনসার্ট হয়েছে ঈদের দ্বিতীয় দিন।
শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় আল আরাবিয়া ইনডোর স্টেডিয়ামে হয়েছে বাংলাদেশি শিল্পীদের কনসার্ট।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ আরও কয়েকজন গায়ক। এদের মধ্যে ছিলেন সাজিদ ফাতেমী, নতুন প্রজন্মের শিল্পী তিনা মুশতারি, ঐশি, পূজা এবং সাবা।
সন্ধ্যা সাতটায় শুরু হওয়া মূল পর্বে শিল্পীরা গেয়ে শোনান বিভিন্ন জনপ্রিয় গান। সাজিদ ফাতমীর কণ্ঠে ‘সাধের লাউ বানাইলো মোরে’র সঙ্গে সুর মেলান দর্শকরা। তিনি আরও গেয়ে শোনান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’সহ কয়েকটি জনপ্রিয় গান।
শিল্পী আসিফ আকবর তার পরিবেশনা শুরু করেন ‘বদলে যাও বদলে দাও’ গানটি দিয়ে।
“যে গানের জন্য আমি আজ আপনাদের আসিফ, সেটাই গেয়ে শোনাচ্ছি এখন” বলে তিনি গেয়ে শোনান ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি। এসময় অনেক দর্শককে তার সঙ্গে সুর মেলাতে দেখা যায়।
‘আমার দুঃখ সারি সারি’, ‘একাকী গভীর রাতে’, ‘কখনো ভালোবাসোনি’সহ আরও কয়েকটি গান দর্শকদের গেয়ে শোনান আসিফ।
সবার শেষে সব শিল্পী মঞ্চে এসে পরিবেশন করেন ‘সাবাশ বাংলাদেশ’ গানটি।
অনুষ্ঠানে দর্শকসারিতে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশি কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও।
কাতারের একটি বাংলাদেশি মালিকানাধীন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
