কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন নিউ ইয়র্ক প্রবাসীদের
কেক কেটে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করেছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম।
শেখ হাসিনাকে ‘বাঙালি জাতির গর্বের ধন’ অভিহিত করে উপস্থিত প্রবাসীদের তিনি বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা যেমন একটি স্বাধীন ভূখণ্ড পেতাম না, একইভাবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আত্ম-মর্যাদাসম্পন্ন জাতিতে পরিণত হতে পারত না।”
অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মুর্শেদা জামান, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আলী আহসান এ সময় উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউ ইয়র্কেই অবস্থান করছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের সবাই হত্যাকাণ্ডের শিকার হলেও বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।
এরপর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। গণআন্দোলনে এরশাদের পতনের পর গঠিত সংসদে বিরোধীদলীয় নেতার আসন নেন তিনি।
১৯৯৬ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ সালে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনেও টানা দ্বিতীয়বারের মতো দেশর নেতৃত্ব জয় করেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
