ভিয়েনায় ঈদুল আযহা উদযাপিত
অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আযহা উদযাপন করেছেন।
অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৃহস্পতিবার বাংলাদেশিদের পরিচালিত পাঁচটি মসজিদে সকাল আটটা, নয়টা ও দশটায় তিনটি করে ঈদের জামাত হয়েছে।
ভিয়েনার ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম' এ স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও কাউন্সিলর শাবাব বিন আহমেদ প্রবাসীদের সঙ্গে নামাজ পড়েন। এই জামাতে প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ঈদের নামাজ শেষে অস্ট্রিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর অন্যদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যান্য বছরের মতো এবারও ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই কোরবানি দিয়েছেন। ভিয়েনা শহরের মধ্যে পশু জবাই করা নিষিদ্ধ থাকায় শহরের বাইরে কসাইখানায় কোরবানি দিতে হয়।
কোরবানির ১/২ মাস আগে কসাইখানায় গিয়ে পশু নির্দিষ্ট করে বুকিং দিতে হয়।
অষ্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বড় অংশ বাস করেন ভিয়েনায়, আর রাজধানীর বাইরে গ্রাস, সালসববুর্গ এবং লিনস শহরেও ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
