প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে পাল্টাপাল্টি কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর ঘিরে নিউ ইয়র্কে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় ‘যেখানে বিএনপি-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির সমর্থনে জনসংযোগ করছে বিএনপি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক পৌঁছবার কথা ২৩ সেপ্টেম্বর।
আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা নিউ ইয়র্কে শেখ হাসিনাকে একটি নাগরিক সংবর্ধনা এবং জেএফকে বিমানবন্দরে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ‘যেখানে বিএনপি-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিতে সর্বস্তরের প্রবাসীদের সম্পৃক্ত করতে বিভিন্ন স্থানে সভা করছে। মহিলা আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, অঙ্গরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদও একই কর্মসূচির সমর্থনে সভা-সমাবেশ করছে।
নিউ ইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রস্তুতি সভা। ছবি-বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জোটে বেঁধে তারা জেএফকে বিমানবন্দরে শেখ হাসিনার প্রতি ক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার ভাষণ চলাকালীন সময়েও জাতিসংঘের বাইরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপির বিভক্ত দলগুলো।
বৃহস্পতিবার বিএনপির ব্রুকলিন শাখা আয়োজিত সভায় দলটির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে ঘোষণা দেয়া হয়, “শেখ হাসিনা নিউ ইয়র্কে অবস্থানকালীন সময়ে আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না।”
নিউ ইয়র্কে শেখ হাসিনার প্রতি ক্ষোভ দেখানোর জন্যে যুক্তরাষ্ট্র বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এর আগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি বিক্ষোভ করেছে এবং স্মারকলিপি দিয়ে শেখ হাসিনাকে সাধারণ অধিবেশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
২০১৫ সালের শেষে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মেয়াদ শেষ হতে চলায় পরবর্তী ১৫ বছরের জন্য ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর একটি সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) চূড়ান্ত করবেন বিশ্ব নেতারা। ওই সম্মেলনের শেষ দিন বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন তিনি।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
