‘বর্তমান সরকার দেশে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে’
প্যারিসে তথ্যমন্ত্রী বলেছেন, মহাজোট সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে একদল প্রবাসী ও স্থানীয়ভাবে কর্মরত বাংলা মাধ্যম সংবাদকর্মীদের সঙ্গে দেখা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এই সময় বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের শক্তির সঙ্গে প্রকাশ্যে গাঁটছাড়া বেঁধেছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গিবাদের যুদ্ধ মোকাবিলা করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হচ্ছে।”
তিনি আরও জানান, বর্তমান সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে।
এই সাক্ষাতে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল বাকী, ওয়াহিদ ভার তাহের, মুজিবুর রহমান, জাকির হোসেন ভূইয়া, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, রাজ্জাক মোল্লা, সাংবাদিক ফয়সল আহমেদ দ্বীপসহ আরও অনেকে।
প্যারিসে জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর আমন্ত্রনে তথ্যমন্ত্রী দুইটি সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
