২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশের মানুষ আগের চেয়ে ভালো খাচ্ছে, ভালো পরছে’

ফিনল্যান্ডে আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক ‘ভালো’ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 01:21 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বুধবার হেলিসংকিতে শিক্ষামন্ত্রীর পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রী সাইফূজ্জামান চৌধূরীকে সংবর্ধনায় এই অনুষ্ঠান করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ারও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। দেশের মানুষ এখন আগের চেয়ে ভালো খাচ্ছে, ভালো পরছে। কিছু দারিদ্রপীড়িত এলাকায় স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সময়মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়াটা বিশাল চ্যালেঞ্জের কাজ।  

“বিশেষ করে বিএনপি ও জামায়াতের আন্দোলনের সময় কাজটা ছিল বড় চ্যালেঞ্জ। ওই সময় বই পৌঁছে দেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে।”

নারী শিক্ষার বিস্তারে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “গতানুতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে জনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছি। দেশে নারী শিক্ষার হার বেড়েছে।

“নারীদের শিক্ষায় অনুপ্রাণিত করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষক পদে কোটা করা হয়েছে।”

ভূমি প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের দলিল, খতিয়ান, পরচা ডিজিটাল করার কাজ চলছে। এটা সময় সাপেক্ষ হলেও কাজ শেষ করা সম্ভব হবে।”

প্রতিমন্ত্রী তার বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো টাকার ভূমিকার কথাও তুলে ধরেন।

মাইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন, মনজুর রহমান, ইমন আহমেদ, মহীবুল ইসলাম,শফীকুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ।    

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com