জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ
জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়া এক স্মারকলিপিতে শেখ হাসিনাকে আসন্ন সাধারণ অধিবেশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা।
সোমবার স্মারকলিপি দেওয়ার আগে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, “একটি প্রহসনমূলক নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাঁই হতে পারে না জাতিসংঘে। আমরা মহাসচিবের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শেখ হাসিনার অপশাসনে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ।মিডিয়ায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের সুযোগ নেই। সরকারের অত্যাচার-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে।”
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন। এই সফরকালে বিএনপি ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির সমর্থনেই জাতিসংঘের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। বিক্ষোভের পর দেলোয়ারের নেতৃত্বে কয়েক নেতা মহাসচিবের দফতরে স্মারকলিপি প্রদান করেন।
এই সমাবেশে আরও বক্তৃতা দেন বিএনপি নেতা কাজী আজম, আবু তাহের, রফিকুল মাওলা, গিয়াস উদ্দিন, আতিকুর রহমান ফারুক, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী, বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি রফিকুল মাওলা প্রমুখ।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
