কাতারে বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন সংগঠন
একদল প্রবাসী গঠিত ব্যবসায়ী সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল কাতারে।
বৃহস্পতিবার রাজধানী দোহার সালিমার হোটেলে ‘নন রেসিডেন্ট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’র এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাস নিলয়ের পরিচালনায়।
অনুষ্ঠানে কমিটির সদস্যদের পরিচিতি, সাংগঠনিক সনদ প্রকাশ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
জেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী তার বক্তব্যে এই সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের মে মাস থেকে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। ৭২ জন সদস্য ১০০টি শেয়ার কেনার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। তিনি আরও জানান, তিন বছরের মধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ‘হাইপার মার্কেট’ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা এই সংগঠনের লক্ষ্য।
আব্দুল মতিন পাটোয়ারী বাঙালি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ‘কাতারে বসবাসরত অন্যান্য দেশের অভিবাসীরা যখন এগিয়ে যাচ্ছে সম্মিলিত শক্তিতে, তখন আমাদের মধ্যে বিভক্তি আমাদেরকে পিছিয়ে রাখছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর দেশের স্বার্থ ও সুনাম কমছে। এই সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে আমরা আরও বড় যে কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো।’
সভাপতি শাহজাহান সাজু বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের প্রশিক্ষিত করার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওযার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন , ‘সরকার যেন প্রবাসে শ্রমিক পাঠানোর আগে তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে পাঠানোর বিষয়টি মাথায় রাখে। কারিগরি শিক্ষার পাশাপাশি ভাষাশিক্ষাও প্রবাসে খুবই জরুরি।’
সংগঠনের প্রধান উপদেষ্টা সালাহউদ্দীন আহমেদ কাতারে আরও একটি বাংলাদেশি স্কুলের প্রয়োজনয়ীতার কথা তুলে ধরেন নতুন সংগঠনের শীর্ষ নেতাদের কাছে। এই সংগঠনের যাত্রা দীর্ঘ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সংগঠনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জোর দেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আশাবাদ প্রকাশ করে বলেন, ‘আমরা কাতারে ব্যবসা বাড়াতে পারলে দেশে বিদ্যমান বেকার সমস্যা কিছুটা লাঘব করা যেতে পারে।’
অর্থ সম্পাদক আছিম বিল্লাহ সংগঠনের শুরু থেকে গত পাঁচ মাসের আর্থিক বিবরণী তুলে ধরেন। নিয়মতান্ত্রিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখলে আগামী তিন বছরে এই সংগঠনের মূলধন কয়েক মিলিয়ন রিয়াল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিয়ার মোহাম্মাদ, শহীদুল হক, মজিবুর রহমান, বাশার মনিরউদ্দীন সরকার, আবুল বাকের, মাহবুব আলম, আলাউদ্দীন, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মিয়া, আলমগীর হোসেন, আতিকুর রহমান, কামরুজ্জামান, হাবিবুর রহমান, আবু রাইহান প্রমুখ।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
