২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে সংবর্ধনায় ১১শ জনের কমিটি নিয়ে অসন্তোষ

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিতে ঘোষিত ১১০০ জনের কমিটি প্রত্যাখ্যান করেছে ‍যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 02:30 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি সিদ্দিকুর রহমান ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ‍নিজের পছন্দের লোকদের দিয়ে এ কমিটি করেছে বলে অভিযোগ অন্য পক্ষের।

ঘোষিত কমিটি বাতিলে সভাপতিকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও তার সমর্থকরা।

শুক্রবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে এক সভায় সাজ্জাদ বলেন, সভাপতি একক সিদ্ধান্তে কমিটি গঠন করেছেন, যা মাঠের নেতা-কর্মীদের ক্ষুব্ধ করেছে।

“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তথাকথিত ওই সংবর্ধনা কমিটি বাতিল করে কর্মীসভার মধ্য দিয়ে নয়া কমিটি গঠন করা না হলে আমরা মাঠের কর্মীরা সভা ডেকে সভানেত্রীকে সংবর্ধনার প্রস্তুতি নিতে বাধ্য হব।”

গত তিন বছরে প্রধানমন্ত্রীকে দেওয়া তিন সংবর্ধনায় সিদ্দিকুর রহমান লাখ লাখ ডলার চাঁদা তুলেছেন দাবি করে সাধারণ সম্পাদক বলেন, “তিনি একবারও সেই টাকার হিসাব দেননি।”

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এলে এবার প্রধানমন্ত্রীকে সব জানানো হবে, বলেন সাজ্জাদ।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ হানিফ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন, নির্বাহী সদস্য রফিক পাটোয়ারি, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,  সহসভাপতি মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক নূরল আলম বাবু ও উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ।

শুক্রবার দুপুরে সিদ্দিকুর রহমান শেখ হাসিনাকে সার্বজনীন নাগরিক সংবর্ধনায় ১১০০ জনের কমিটি ঘোষণা করেন। এর আহ্বায়ক হয়েছেন তিনি নিজেই, সদস্য-সচিব করা হয় সাজ্জাদকে। এরপর সন্ধ্যায় সভায় তার বিরোধিতা করেন তিনি।